আগুন জ্বালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থার পরীক্ষা দুর্গাপুরে
সংবাদদাতা,দুর্গাপুর: আগুন লাগলে কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে পরিস্থিতি? বিপদের মুহূর্তে আদৌ কাজ করবে তো শপিংমলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা? কাগজে–কলমে নয়, এবার আগুন জ্বালিয়েই তার পরীক্ষা করল দমকল বিভাগ। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বহুজাতিক সংস্থার মলে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল চূড়ান্ত ব্যস্ততা। দমকল বিভাগের কর্মীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। আধিকারিকদের বিশেষ পরিদর্শন ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। একাধিক নামজাদা ব্র্যান্ডের দোকান, মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ এবং গাড়ির শোরুম ঘিরে এদিন পরীক্ষা চলে। প্রতিদিন যে সব জায়গায় প্রচুর মানুষের সমাগম হয়, সেখানে অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় ঘটলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, সেটাই হাতেকলমে যাচাই করেন দমকলের কর্মী ও আধিকারিকরা।
শুধু অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে কিনা, তা পরখ করেই থেমে থাকেনি দমকল বিভাগ। রীতিমত আগুন জ্বালিয়ে পরীক্ষা করা হয়। বিপদের সময় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা দ্রুত সক্রিয় হতে পারবে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কতটা কার্যকর ভূমিকা নেবে সেটাই এদিক সরজমিনে দেখা হয়।
