বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

নেতাজি মেট্রো স্টেশনে যাত্রী–আরপিএফ চুলোচুলি

10 September, 2026 3:30 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: মেট্রো রেলে নজিরবিহীন ঘটনা। যাত্রী ও নিরাপত্তাকর্মীর হাতাহাতিতে তীব্র চাঞ্চল্য। বুধবার রাতে কবি সুভাষগামী লাইনের নেতাজি (কুঁদঘাট) মেট্রো স্টেশনে এক মহিলা যাত্রী এবং মহিলা আরপিএফ কর্মীর মধ্যে প্রথমে বচসা বাঁধে। কিচুক্ষণের মধ্যেই শুরু হয় মারামারিতে। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান অন্যান্য যাত্রীরা। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শী ও মেট্রো সূত্রে খবর, এদিন প্ল্যাটফর্মে ঢোকার আগে ব্যাগ পরীক্ষার সময় ওই মহিলা যাত্রী ও আরপিএফ কর্মীর মধ্যে একটি সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এরপর আচমকাই তা ধাক্কাধাক্কি এবং শেষ পর্যন্ত চুলোচুলিতে রূপ নেয়। মেট্রোর মতো একটি স্পর্শকাতর ও জনবহুল জায়গায় সাধারণ যাত্রী ও রক্ষীদের এভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখে তাজ্জব বনে যান অন্য যাত্রীরা। প্ল্যাটফর্মে থাকা কয়েকজন যাত্রী এগিয়ে গিয়ে দু’‌জনকে আলাদা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন নেতাজি মেট্রোর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও পুলিশ কর্মীরা। উভয় পক্ষকে স্টেশন মাস্টারের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনেই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, ওই মহিলা যাত্রী মেট্রোর নিরাপত্তা বিষয়ক নিয়ম মানতে চাননি। এছাড়াও, কর্তব্যরত নিরাপত্তাকর্মীর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে এবং অন–ডিউটি সরকারি কর্মীর কাজে সরাসরি বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে।
মেট্রোর জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্টেশনের প্রবেশপথ এবং প্ল্যাটফর্মের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কে প্রথম শারীরিক আঘাত বা দুর্ব্যবহার শুরু করেছিলেন, তা খতিয়ে দেখা হবে। দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা মেট্রোয় যাত্রী নিরাপত্তা এবং আরপিএফ কর্মীদের আচরণ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ নতুন নয়। এই ঘটনার পর যাত্রীদের একাংশের প্রশ্ন, নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা কর্মীরাই যদি এভাবে রাস্তায় ধস্তাধস্তিতে জড়ান, তবে সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায়? কারোর মতে, অনেক সময় যাত্রীরাও নিরাপত্তাবিধি পালনে গাফিলতি করেন এবং অভদ্রতা দেখান। এই ঘটনা মেট্রো রেলের শৃঙ্খলা এবং যাত্রীদের সচেতনতায় প্রশ্ন তুলে দিল।

প্রতিবেদন

Lopa Bhowmik