বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

রবীন্দ্রগানের অনুরণনে আজও বেঁচে সুচিত্রা মিত্র

19 September, 2026 4:20 PM UTSAB RC
শেয়ার করুন

দীপ্যমান দত্ত

আজ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিন। শ্রদ্ধায় স্মরণ করি এক অসামান্য শিল্পীকে, যাঁর কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুধু গান হয়ে থাকেনি—হয়ে উঠেছিল এক গভীর অনুভব।
সুচিত্রা মিত্রের গানের ভিতরে ছিল রবীন্দ্র-অনুভবের এক নিজস্ব জগৎ। তাঁর কণ্ঠে শব্দের সঙ্গে মিশে যেত আবেগ, দর্শন, প্রেম, বিরহ, প্রকৃতি ও জীবনের গভীর উপলব্ধি। গাইছেন তিনি, অথচ মনে হত যেন রবীন্দ্রনাথের কবিতার অন্তর্লোকের দরজা খুলে যাচ্ছে একে একে।

তাঁর গানে ছিল গভীর তন্ময়তা। আবার সেই কণ্ঠ যখন উদাত্ত হয়ে উঠত, মনে হত কোনও পাহাড়ি নদী তার সমস্ত স্রোত নিয়ে ছুটে চলেছে—কখনও শান্ত, কখনও উচ্ছ্বসিত, কখনও বিষণ্ণ, অথচ সর্বদা বহমান।
সুচিত্রা মিত্র আজ আমাদের মধ্যে নেই। কিন্তু শিল্পীর মৃত্যু হয়, সুরের মৃত্যু হয় না। তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত আজও বাঙালির স্মৃতি, আবেগ ও মননের ভিতর অনুরণিত হয়।
আসলে সুচিত্রা মিত্র শুধু রবীন্দ্রনাথের গান গাইতেন না। তিনি আমাদের ভিতরে লুকিয়ে থাকা রবীন্দ্রসুরকে জাগিয়ে তুলতেন। তাঁর কণ্ঠে গান শুনতে শুনতে আমরা কখনও নিজের অজান্তেই ফিরে যাই আমাদের একান্ত অন্তর্জগতে—যেখানে প্রেম আছে, বেদনা আছে, আনন্দ আছে, আর আছে রবীন্দ্রনাথ। জন্মদিনে সেই অনন্য শিল্পীর প্রতি শ্রদ্ধা।

আরও পড়ুন: মহানায়ক আজও কেন পেলেন না দাদাসাহেব ফালকে পুরস্কার !

সুচিত্রা মিত্রের গানের কথা বলতে গেলে একের পর এক মনে পড়ে যায় রবীন্দ্রসঙ্গীতের অমর সব সৃষ্টি—‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, ‘সখী ভাবনা কাহারে বলে’, ‘তুমি রবে নীরবে’, ‘বহুদিন ধরে বহু ক্রোশ দূরে’, ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনে’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘আমার পরাণ যাহা চায়’, ‘মনে রবে কিনা রবে আমারে’। প্রতিটি গানেই তাঁর গায়কির আলাদা ব্যঞ্জনা—কোথাও দৃপ্ত আহ্বান, কোথাও নিভৃত প্রেম, কোথাও বিরহের দীর্ঘশ্বাস, আবার কোথাও জীবনের প্রতি গভীর প্রত্যয়। তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথের গান যেন শুধু শোনা যায় না, অনুভব করা যায়।
সুচিত্রা মিত্র নেই—রয়ে গিয়েছে তাঁর কণ্ঠের অনুরণন। আর সেই অনুরণনেই আজও বেঁচে থাকে আমাদের ভিতরের রবীন্দ্রনাথ।

প্রতিবেদন

UTSAB RC