বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

বিরিয়ানিতে পোকা, শিলিগুড়ির বিভিন্ন দোকানে বেনজির তল্লাশি

02 September, 2026 4:02 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে একাধিক খাবারের দোকানে তল্লাশি। শিলিগুড়ি পুরসভার খাদ্য বিভাগ ও এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে  হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানগুলিতে খাবারের গুণগত মান এবং পরিচ্ছন্নতা নিয়ে নজিরবিহীন কড়া অবস্থান শিলিগুড়ি পুরসভার। শহরের বিভিন্ন খাদ্যের দোকান ও উৎপাদনে যুক্ত প্রতিষ্ঠানে লাগাতার সারপ্রাইজ ভিজিট ও অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। খাবার কতটা স্বাস্থ্যসম্মত, রান্নাঘরের পরিবেশ সঠিক পরিচ্ছন্ন কি না, খাবারের মধ্যে কোনো পোকামাকড় রয়েছে কি না এবং মেয়াাদউত্তীর্ণ কাঁচামাল বা পচা সামগ্রী ব্যবহার করা হচ্ছে কি না, মূলত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিই খুব সূক্ষ্মভাবে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

সম্প্রতি শিলিগুড়ির একটি নামী বিরিয়ানির দোকানে খাবারে পোকা পাওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট দোকানটি সাময়িকভাবে সিল করে দেয়। কিন্তু এই স্বস্তি বেশিদিন টেকেনি, কিছুদিন যেতে না যেতেই শহরের আরও একটি বিরিয়ানির দোকানে একইভাবে খাবারের মধ্যে পোকা পাওয়ার অভিযোগ ওঠে। পর পর দুটি একই ধরনের ঘটনায় শহরের খাদ্য নিরাপত্তা ও রেস্তোরাঁগুলির স্বাস্থ্য সচেতনতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়।

পরিস্থিতির গাম্ভীর্য অনুধাবন করেই শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে নজরদারি কঠোর করার নির্দেশ দেওয়া হয়। পুরসভার খাদ্য বিভাগ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথ দল গঠন করে শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানগুলিতে আকস্মিক অভিযান শুরু করে। আধিকারিকদের এই যৌথ দলটি কোনো পূর্ব সূচনা ছাড়াই হঠাৎ প্রতিষ্ঠানে পৌঁছে সরাসরি প্রবেশ করছেন রান্নাঘরে। খাবারের গুণগত মান, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা, ব্যবহৃত তেলের মান এবং কাঁচামাল পরীক্ষার পাশাপাশি ফ্রিজ ও স্টোররুমের পরিচ্ছন্নতা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার পুরসভার অভিযানে বেশ কিছু অস্বাস্থ্যকর চিত্র সামনে এসেছে। একাধিক হোটেল ও রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে খাবারের মধ্যে পোকা, আরশোলা এবং চরম মেয়াদউত্তীর্ণ উপাদান পাওয়ার অভিযোগ প্রমাণিত হয়। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে কয়েকটি নামী প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে।

শুধু তৈরি খাবারের দোকান বা রেস্তোরাঁতেই এই অভিযান সীমাবদ্ধ রাখেনি প্রশাসন। তল্লাশি করা হয়েছে মিষ্টির দোকান এবং শহরের বিভিন্ন মিষ্টি তৈরির কারখানাগুলিতেও। গত কয়েক দিনে শহরের একাধিক বড় মিষ্টির দোকান ও উৎপাদনে যুক্ত কারখানায় অভিযান চালিয়েছে এই যৌথ দল। সেখানেও একটি মিষ্টি তৈরির কারখানায় তীব্র অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাবারের উপাদানে পোকা মেলায় কারখানাসহ দোকানটি সিল করে দেন আধিকারিকরা।

অভিযানের এই ধারাবাহিকতা বজায় রেখে সম্প্রতি শিলিগুড়ির অত্যন্ত ব্যস্ত এলাকা হিলকার্ট রোডের একটি নামী হোটেলে সারপ্রাইজ ভিজিট করেন পুরসভার প্রতিনিধিরা। সেখানকার রান্নাঘর, খাদ্য সংরক্ষণের জায়গা, রান্নার সামগ্রী ও পরিবেশ পরিদর্শনের পর অবশ্য কোনও বড় ধরনের অনিয়ম বা অসঙ্গতি ধরা পড়েনি। হোটেলের পরিচ্ছন্নতা ও খাবারের মানে প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে।

পুরসভার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই অভিযান কোনও সাময়িক পদক্ষেপ নয়। আগামী দিনেও শহরের সমস্ত খাদ্যের দোকান ও কারখানায় এই ধরনের সারপ্রাইজ ভিজিট অব্যাহত থাকবে। খাবারের গুণগত মান বা স্বাস্থ্যবিধির সঙ্গে কোনো প্রকার আপস করা হবে না। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ বা অনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধেও একইভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই টানা কঠোর পদক্ষেপে শিলিগুড়ির সাধারণ মানুষ চরম স্বস্তি প্রকাশ করেছেন এবং তাঁদের মতে এই নিয়মিত পরিদর্শনই ব্যবসায়ীদের আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলবে।

 

প্রতিবেদন

UTSAB RC