বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

হবিবপুরে শুরু হল ‘সেবা সেতু অভিযান’ শিবির

02 October, 2026 5:18 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: সরকারি পরিষেবা আরও সহজলভ্য ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মালদহ জেলার হবিবপুর ব্লকে শুরু হল ‘সেবা সেতু অভিযান’ শিবির। আমজনতার প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে হবিবপুর ব্লকের দুটি কৌশলগত স্থানে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। একটি আইহো উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং অন্যটি হবিবপুর ব্লক অফিস চত্বরে। সরকারের উদ্দেশ্য একটাই, প্রত্যন্ত এলাকার মানুষ যাতে ব্লক বা জেলা সদরে বারবার না ঘুরে একই ছাদের তলায় প্রয়োজনীয় সব সরকারি সমাধান পেয়ে যান। এবারের সেবা সেতু অভিযান শিবিরের অন্যতম প্রধান আকর্ষণ ১৮টি বিভিন্ন সরকারি দপ্তরের যৌথ উপস্থিতি। স্বাস্থ্য, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি, খাদ্য ও সরবরাহ, সামাজিক কল্যাণ, অনগ্রসর শ্রেণি কল্যাণসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর এই শিবিরে নিজেদের কাউন্টার খুলেছে। এর মাধ্যমে সাধারণ মানুষ শুধু যে সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য পাচ্ছেন তাই নয়, নতুন আবেদনপত্র জমা দেওয়া, পুরনো আবেদনের হালহকিকত জানা এবং আটকে থাকা নানা প্রশাসনিক সমস্যার তাৎক্ষণিক সমাধানও পাচ্ছেন। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য প্রশাসনিক দপ্তরের এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে। বিশেষ প্রশাসনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে আইহো উচ্চ বিদ্যালয়ের শিবিরে চারটি নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দাদের জন্য পরিষেবা গ্রহণের বিশেষ সুযোগ রাখা হয়েছে। এই চারটি অঞ্চল হলো—আইহো, ঋষিপুর, শ্রীরামপুর এবং বুলবুলচন্ডী। এই চার পঞ্চায়েত এলাকার বাসিন্দারা আইহো উচ্চ বিদ্যালয়ে সরাসরি প্রয়োজন অনুযায়ী পরিষেবা নিতে পারছেন। অন্যদিকে, ব্লকের অন্যান্য অঞ্চলের বাসিন্দারা হবিবপুর ব্লক অফিস চত্বরের শিবিরে গিয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে বিভিন্ন ছোটখাটো কাজ বা সরকারি নথিপত্রের জন্য তাঁদের দূরদূরান্তে যাতায়াত করতে হতো। এতে সময় ও অর্থ দুই-ই অপচয় হতো। কিন্তু একই ছাদের তলায় ১৮টি দপ্তরের উপস্থিতির কারণে এক দিনেই একাধিক সরকারি সুবিধা মেটানো সম্ভব হচ্ছে। এতে সময় ও যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমেছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই বিশেষ ‘সেবা সেতু অভিযান’ শিবির আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে এলাকার সমস্ত যোগ্য ও ইচ্ছুক বাসিন্দাদের শিবিরে এসে তাঁদের প্রয়োজনীয় সরকারি পরিষেবা ও সুবিধা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। জনকল্যাণমূলক এই উদ্যোগকে কেন্দ্র করে হবিবপুর ব্লকজুড়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

প্রতিবেদন

Lopa Bhowmik