ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তিতেই জিততে চায় ব্রাজিল, নজরে গুরপ্রীত-উইলিয়ামস
সংবাদদাতা, কলকাতা: কাগজে-কলমে ভারত বনাম ব্রাজিল ম্যাচের ফলাফল সবার জানা। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ভারতীয় ফুটবল। তবু ব্রাজিল শিবির কোনও ভাবেই এই ম্যাচকে হালকা ভাবে নিতে চাইছে না। এটাই একটা ভাল স্পোর্টসম্যানশিপ মনোভাব। শুক্রবার যুবভারতীতে অনুশীলনের আগে ব্রাজিলের হয়ে সাংবাদিক বৈঠক করেন অধিনায়ক মার্কিনিয়োস। মাত্র ৩২ বছর বয়সে দেশের হয়ে শতাধিক ম্যাচ খেলে ফেলেছেন। তিনি প্যারিস সাঁ জাঁরও অধিনায়ক, যারা বর্তমান ইউরোপের চ্যাম্পিয়ন। সেই মার্কিনিয়োস জানিয়েছেন, ভারতকে নিয়ে তাঁরা বিস্তারিত বিশ্লেষণ করেছেন। ভারতের অধিনায়ক ও গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর পারফরম্যান্স তাঁদের নজর কেড়েছে। তাঁর মতে, এই ধরনের প্রীতি ম্যাচ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার, জেতার অভ্যাস তৈরি এবং ভবিষ্যতের প্রস্তুতির সেরা সুযোগ। যুবভারতীকে তাই তাঁরা মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায়।
কোচ কার্লো আনচেলোত্তি আরও খোলামেলা। তাঁর কথায়, বিশ্বকাপে ব্রাজিল যে সমস্যাগুলোর সমাধান করতে পারেনি, এই ম্যাচগুলোতেই সেগুলো নিয়ে কাজ করতে হবে। দলে এত বদল আর নতুন মুখ সেই কারণেই। তিনি মনে করেন, ফুটবল এতটাই বদলে গেছে যে শুধু ব্যক্তিগত প্রতিভার জোরে এখন আর জেতা যায় না। একজন কোচের দরকার শক্তিশালী একটি দল। নতুনরা দলে গতি, উদ্দীপনা আর বোঝাপড়া এনেছে। দুজনেই একটা কথা বারবার বলেছেন, ব্রাজিলের কাছে ভারত কোনও ভাবেই ম্যাচই “প্রীতি ম্যাচ” নয়। আনচেলোত্তি এমনও বলেছেন, ভারতের কিছু খেলোয়াড় ব্রাজিলকে বিপদে ফেলতে পারেন। নাম নিয়েছেন রায়ান উইলিয়ামসের, যাঁকে অনুশীলনে ভারতের সবচেয়ে ধারালো আক্রমণকারী মনে হয়েছে।
ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে ভারত। ভারতের লক্ষ্য একটাই, নিজেদের সেরাটা দেওয়া। কোচ খালিদ জামিল বলেছেন, প্রত্যেককে নিজের দায়িত্বে মনোযোগী থাকতে হবে, এক মুহূর্তের অমনোযোগেরও জায়গা নেই। ডিফেন্ডার আনওয়ার আলির মতে, বেশি ভাবতে গেলে লাভের চেয়ে ক্ষতিই হয়। পানামার বিরুদ্ধে ম্যাচের কিছু অংশে ভারত দাপট দেখালেও এবার পরিকল্পনা আলাদা। জামিলের কথায়, শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হলে রক্ষণ মজবুত রাখতেই হবে।
অনুশীলন দেখে মনে হয়েছে, ভারত রক্ষণ সামলে দ্রুত পাল্টা আক্রমণে উঠবে, আক্রমণ হবে মূলত দুই উইং দিয়ে। লক্ষ্য, ব্রাজিলের রক্ষণ গুছিয়ে নেওয়ার আগেই ক্রস বাড়ানো। উইলিয়ামসকে জায়গা করে দিতে ডামি রানও থাকতে পারে। জামিলের আশা, সেরাটা দিলে যেকোনো কিছুই হতে পারে। শেষ পর্যন্ত ফল যাই হোক, এই ম্যাচ ভারতীয় ফুটবলের কাছে নিজেদের মেপে নেওয়ার এক বড় সুযোগ।
