বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শিলিগুড়ির ইনডোর স্টেডিয়ামে ‘সেবা সেতু’ অভিযানের সূচনা

02 October, 2026 5:49 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি নানাবিধ পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিতে শিলিগুড়ি পুরনিগম এলাকায় সূচনা হল ‘সেবা সেতু’ অভিযানের। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সচেতনতা ও পরিষেবা মূলক শিবিরের মূল কেন্দ্র হয়ে উঠেছে শিলিগুড়ির ঐতিহাসিক ইনডোর স্টেডিয়াম। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্প ও নাগরিক সুবিধার আবেদন জানাতে শিবিরে চোখে পড়ার মতো ভিড় ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ‘সেবা সেতু’ অভিযানের মূল উদ্দেশ্য হল বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পরিষেবাকে একক ছাদের তলায় নিয়ে আসা। এর ফলে সাধারণ মানুষকে আর বিভিন্ন সরকারি কার্যালয়ে আলাদাভাবে চক্কর কাটতে হচ্ছে না। ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী, সামাজিক সুরক্ষা যোজনা, বার্ধক্য ও বিধবা ভাতা, কাস্ট সার্টিফিকেট সংশোধন, খাদ্য সাথী সংক্রান্ত রেশন কার্ডের সমস্যা সমাধান এবং পুরসভার নানা নাগরিক পরিষেবার আবেদন একসঙ্গেই জমা নেওয়া ও নিষ্পত্তি করা হচ্ছে। শুক্রবার কর্মসূচি চলাকালীন শিবিরের সার্বিক কাজকর্ম পর্যবেক্ষণ করতে উপস্থিত হন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক আর বিমলা। তিনি ইনডোর স্টেডিয়ামে একাধিক হেল্পডেস্ক ও স্টল পরিদর্শনের পাশাপাশি শিবিরে আগত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। নাগরিকরা আবেদন জমা দিতে গিয়ে কোনও ধরণের প্রশাসনিক জটিলতা বা অসুবিধার সম্মুখীন হচ্ছেন কি না, তা তিনি নিজে খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর বিমলা জানান, সাধারণ মানুষ যাতে কোনওরকম হয়রানি ছাড়াই সরকারি প্রকল্পের সুবিধা পান, সে কথা মাথায় রেখেই এই ‘সেবা সেতু’ আয়োজন। আমাদের লক্ষ্য প্রতিটি যোগ্য নাগরিকের কাছে সরকারি সহায়তা নিশ্চিত করা। তিনি ক্যাম্পে কর্তব্যরত আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেন,  কোনও আবেদনকারী যেন পরিষেবা না পেয়ে ফিরে না যান এবং প্রতিটি আবেদনের দ্রুত নিষ্পত্তি ঘটে। ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই শিবিরে প্রবীণ নাগরিক থেকে শুরু করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনিক তৎপরতা এবং আধিকারিকদের সহযোগিতাপূর্ণ মনোভাব দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পুর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দিনগুলিতে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ইনডোর স্টেডিয়ামের এই বিশেষ ক্যাম্প একইভাবে সক্রিয় থাকবে।

প্রতিবেদন

Lopa Bhowmik