শান্তিপুরের যুবককে কিডন্যাপ, পরে উদ্ধার, দাসপুর থেকে ধৃত ২
সংবাদদাতা, নদীয়া: কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের জালে গ্রেপ্তার কিডন্যাপ গ্যাং। প্রায় তিন লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে দুই কিডন্যাপার। পরিবারের অভিযোগের ভিত্তিতে সুদূর পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকা থেকে শেখ সাহিল এবং রবিউল গাইনকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্রের খবর নদীয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকার যুবক বিজয় কৃষ্ণ বালা বিভিন্ন রাজ্যে সোনার কাজ করত। পরিবারের অভিযোগ তাদের বাড়ির ছেলে ওড়িশা পৌঁছাতেই হঠাৎই বাড়িতে ফোন করে তাকে কিডন্যাপ করা হয়। শুধু তাই নয় মুক্তিপণের দাবি করে প্রায় তিন লক্ষ টাকা চাওয়া হয়। এর পরই মানসিকভাবে ভেঙে পড়ে গোটা পরিবার। সাথে সাথেই শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে করা অ্যাকশান মুড নেয় পুলিশ, এরপর রবিবার মধ্যরাতে পশ্চিম মেদিনীপুর দাসপুর থানা এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি কিডন্যাপ হওয়া যুবক বিজয় কৃষ্ণ বালা কেও উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে উদ্ধার করার পর পরিবারকে খবর দেওয়া হয় পুলিশের তরফে। এরপর দুশ্চিন্তা মুক্ত হয় পরিবার। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের এই ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ বিজয় কৃষ্ণ বালার পরিবার। রবিবার বেলা ১১-৩০ নাগাদ সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃতদের তোলা হয় নদীয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। যদিও শান্তিপুরের যুবককে কিডন্যাপের ঘটনায় তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে শান্তিপুর থানার পুলিশ।
