India Men’s Cricket Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের, ফিরলেন রোহিত-বিরাট
নয়াদিল্লি: বিশ্বকাপের এক বছর আগে একদিনের দলে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit Sharma and Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের জন্য বুধবার দল ঘোষণা করল ভারত। নেতৃত্বে রয়েছেন শুভমন গিল, সহ-অধিনায়ক কে এল রাহুল। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম জাতীয় দলের ওয়ানডে দলে একসঙ্গে ফিরলেন রোহিত-বিরাট।

Ad
উইন্ডিজ সিরিজে দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটি
টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর এখন শুধু ওয়ানডেতেই ভারতের হয়ে খেলার সুযোগ রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি-র। ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে তাঁদের অভিজ্ঞতাকে এখনও হিসাবের মধ্যে রাখছে নির্বাচক কমিটি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচে তাই নিজেদের ছন্দে ফেরার পাশাপাশি বিশ্বকাপের প্রস্তুতিও এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে দু’জনের সামনে।

রোহিত শর্মা ও বিরাট কোহলি
রোহিতকে ঘিরে জল্পনাটা ছিল বেশি। আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর প্রশ্ন উঠেছিল, ওয়ানডেতেও কি তাঁকে আর দেখা যাবে? দল ঘোষণায় আপাতত সেই প্রশ্নের উত্তর মিলল। বিরাটও ২০২৭ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে বিশ্বকাপের আগে হাতে থাকা ওয়ানডেগুলিতে দু’জনকে নিয়মিত রাখার পরিকল্পনাই যে রয়েছে, দল নির্বাচনের ছবিতে তার ইঙ্গিত মিলছে।
🚨 News 🚨#TeamIndia ODI & T20I squads announced for West Indies tour of India 2026, along with updated squad for Japan T20I & Asian Games.
More Details ▶️https://t.co/Lxx3Bz8Q14 pic.twitter.com/Y9RGlQ09XK
— BCCI (@BCCI) September 16, 2026
তারুণ্যে জোর
তবে শুধু অভিজ্ঞতার উপর ভরসা রাখেনি ভারত। দলে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়াল। মাঝের সারিতে রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, কে এল রাহুল, ধ্রুব জুরেলরা। বোলিংয়ে কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার। প্রথম বার ওয়ানডে দলে ডাক পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার আউকিব নবি এবং নমন ধীর।
ব্রাত্য হার্দিক ও পন্থ
ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্য অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনও দলেই নেই। পন্থকে ইরানি কাপে রেস্ট অব ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে। এশিয়ান গেমসের দল থেকেও বদল হয়েছে। নীতীশ কুমার রেড্ডিকে সেখান থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: India vs Afghanistan: দিল্লির রাতে অভিষেকের ব্যাটে পুরনো ভারতের প্রত্যাবর্তন
টি-২০ দলে আবার নতুন প্রজন্মের দিকে নজর। অধিনায়ক শ্রেয়স আয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে, অক্ষর পটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহদের সঙ্গে জায়গা পেয়েছেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। ময়ঙ্ক যাদবও রয়েছেন দলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ২৭ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে। দ্বিতীয় ম্যাচ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে, তৃতীয় ম্যাচ ৩ অক্টোবর নিউ চণ্ডীগড়ে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু ৬ অক্টোবর লখনউতে।
একদিনের সিরিজের দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (সহ-অধিনায়ক), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ, আউকিব নবি, যশস্বী জয়সওয়াল, নমন ধীর।
টি-২০ দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব।
