Women’s Premier League: স্মৃতি- হরমোনপ্রীতদের প্রিমিয়ার লিগ শুরু জানুয়ারিতে, নিলাম ও ক্রিকেটার ধরের রাখার দিনক্ষণ প্রকাশ করল বোর্ড
নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি থাকাকালীন ঘটা করে মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। পুরুষদের পাশাপাশি যা ক্রিকেট মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সময়ের সঙ্গে। আগামী মরশুমের প্রতিযোগিতা শুরু ও শেষের সময় প্রকাশ্যে এল। জানুয়ারি মাসেই ফিরছে উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৭ (Women’s Premier League 2027)। পঞ্চম সংস্করণ শুরু ১৪ জানুয়ারি, ফাইনাল ৭ ফেব্রুয়ারি। বুধবার টুর্নামেন্টের সময়সীমা ঘোষণা করল বোর্ড। তার আগে ২৮ অক্টোবর কোচিতে বসবে খেলোয়াড়দের নিলাম। পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে রিটেনশন তালিকা জমা দিতে হবে।

Ad
উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৭: ঢাকে কাঠি পড়ে গেল
উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৭ নিয়ে বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছে, ‘‘২০২৭ সালের মহিলাদের প্রিমিয়ার লিগের মূল দিনগুলি চূড়ান্ত করেছে বিসিসিআই। পঞ্চম ডব্লিউপিএল হবে ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।’’ নিলাম ঘিরে এখন থেকেই দলগুলির হিসাব শুরু। কাকে ধরে রাখা হবে, কাকে ছেড়ে দেওয়া হবে—২৮ সেপ্টেম্বরের পরেই পরিষ্কার হবে পাঁচ দলের স্কোয়াডে কতটা জায়গা তৈরি হচ্ছে। তার এক মাসের মধ্যে কোচির গ্র্যান্ড হায়াতে হবে নিলাম। তবে এখনও ম্যাচভিত্তিক পূর্ণ সূচি প্রকাশ করেনি বিসিসিআই। কোন দিন কোন দল খেলবে, কোন শহরে ম্যাচ হবে—সেই তথ্য পরে জানানো হবে।
আরও পড়ুন: Women’s Asia Cup: দু’বছরের বদলা, লঙ্কাকে উড়িয়ে এশিয়ার সিংহাসনে ভারতের মেয়েদের প্রত্যাবর্তন
নজরে নিলাম
২০২৬ মরসুমে স্মৃতি মন্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দ্বিতীয় বার ট্রফি জেতে আরসিবি। নতুন মরসুমে তাই তাদের সামনে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। অন্য দিকে দিল্লি-সহ বাকি তিন ফ্র্যাঞ্চাইজির লক্ষ্যও থাকবে নিলামেই দলটাকে নতুন করে সাজানো।
🚨 News 🚨 #TATAWPL 2027 to be played from 14 January to 7 February 2027 🗓️
Player Auction to be held on 28 October 2026 in Kochi 📍
More details ▶️ https://t.co/tuEXkaaY6T pic.twitter.com/mjLcSOJawp
— Women’s Premier League (WPL) (@wplt20) September 16, 2026
প্রতীক্ষার চার মাস
মহিলা প্রিমিয়ার লিগের পরের মরসুম শুরু হতে এখনও চার মাসের বেশি সময়। কিন্তু তার আগে দুই তারিখ গুরুত্বপূর্ণ—২৮ সেপ্টেম্বর রিটেনশন, ২৮ অক্টোবর নিলাম। আর ১৪ জানুয়ারি থেকে শুরু হবে মাঠের লড়াই।
