রেজিনগরে প্রার্থীর জনসংযোগে পদযাত্রা, মিছিল বিজেপি কর্মীদের
সংবাদদাতা, মুর্শিদাবাদ: মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শাখারভ সরকারের সমর্থনে আয়োজিত হলো একটি পদযাত্রা। মঙ্গলবার সকাল সকাল রেজিনগর বিধানসভার বিজেপি পার্টি অফিস থেকে শুরু হয় এই পদযাত্রা। এদিন কয়েকশো দলীয় কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করে। প্রার্থী শাখারভ সরকার একটি সুসজ্জিত হুডখোলা গাড়িতে চেপে রোড-শো শুরু করেন। মিছিলটি রেজিনগর পার্টি অফিস থেকে বের হয়ে বিকলনগর এবং হরিগঞ্জ সহ বিভিন্ন গ্রামে পরিক্রমা করে।
পথচলতি মানুষ থেকে শুরু করে রাস্তার দুপাশের বাসিন্দারা প্রার্থীকে দেখতে ও শুভেচ্ছা জানাতে ভিড় জমান। প্রার্থীকে পুষ্পবৃষ্টি করে হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। দিনের এই গুরুত্বপূর্ণ প্রচারে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ ও জেলা নেতৃত্ব। এদিনের প্রচারে ছিলেন সংখ্যালঘু মোর্চার শীর্ষ নেতৃত্বরাও। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের এই সাড়া দেখে স্বভাবতই বেশ খুশি বিজেপি প্রার্থী শাখারভ সরকার। প্রচার চলাকালীন তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের অধিকার রক্ষার আশ্বাস দেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী জানান, রেজিনগরের মানুষ পরিবর্তনের জন্য তৈরি। সাধারণ মানুষের চোখে-মুখে যে উচ্ছ্বাস ও সমর্থন আজ আমরা দেখলাম , তা প্রমাণ করে যে মানুষ আর পুরনো প্রতিশ্রুতিতে ভুলছেন না। মানুষের এই সতস্ফূর্ত যোগদান দেখে আমরা রেজিনগর আসনে ভারতীয় জনতা পার্টির বিজয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল ও বিরোধীদের দীর্ঘদিনের অপশাসনের জবাব দিতে রেজিনগরের সর্বস্তরের মানুষ এবার পদ্মফুলেই আস্থা রাখতে চলেছেন। সব মিলিয়ে মঙ্গলবার সকালের এই জাঁকজমকপূর্ণ রোড-শো রেজিনগর বিধানসভার দলীয় কর্মী-সমর্থকদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল।
