বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

পুজোর বাজারে বেলাগাম দাম, জলপাইগুড়ির দিনবাজারে হানা আধিকারিকদের

30 September, 2026 7:30 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, জলপাইগুড়ি: দুর্গাপুজোর ঢাঁকের বাদ্যি বাজতে আর মাত্র কয়েকটা দিন বাকি। উৎসবের মরশুমে কেনাকাটার ভিড় বাড়ছে উত্তরের অন্যতম প্রধান বাণিজ্য শহর জলপাইগুড়িতে। কিন্তু পুজোর মুখে প্রতিবছরের মতো এবারও বাজারদর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। শাকসবজি থেকে শুরু করে ফলমূল—নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের অগ্নিমূল্যে হাত পুড়ছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিল জেলা প্রশাসন।

পুজোর বাজারে অসাধু ব্যবসায়ীদের দাপট রুখতে শহরজুড়ে শুরু হয়েছে প্রশাসনিক নজরদারি অভিযান।‌ বুধবার সকালে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র তথা অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরো বাজার ‘দিনবাজার’-এ আচমকা অভিযান চালায় জেলা প্রশাসন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের যৌথ দল। অভিযানের নেতৃত্ব দেন জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক দেবাশিস মণ্ডল। ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও স্থানীয় পুরসভার প্রতিনিধিরাও। সকালে বাজার জমার আগেই প্রশাসনিক কর্তাদের দেখে কিছুটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযান চলাকালীন আধিকারিকরা বাজারের বিভিন্ন ফল ও সবজির স্টলে গিয়ে পাইকারি ও খুচরো দর খতিয়ে দেখেন। ক্রেতারা কত দামে পণ্য কিনছেন এবং ব্যবসায়ীরা কত দামে তা আড়ত থেকে সংগ্রহ করছেন—সেই সব তথ্য সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, পাইকারি মূল্যের তুলনায় খুচরো বাজারে মুনাফার হার অনেক বেশি নেওয়া হচ্ছে। এই ধরনের অতিরিক্ত মুনাফালাভের বিষয়ে সতর্ক করে দেওয়া হয় ব্যবসায়ীদের।

পাশাপাশি প্রতিটি দোকানে দৃশ্যমান জায়গায় রেট চার্ট ঝোলানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক দেবাশিস মণ্ডল জানান, পুজোর সময়ে কৃত্রিম সংকট তৈরি করে কিংবা সুযোগ নিয়ে যাতে কেউ অতিরিক্ত দাম হাঁকাতে না পারে, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। উৎসবের মরশুমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত চালানো হবে। অসাধু উপায়ে দাম বাড়ালে বা কালোবাজারির প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই পদক্ষেপে খুশি সাধারণ ক্রেতারা। দিনবাজারে কেনাকাটা করতে আসা স্থানীয় বাসিন্দাদের কথায়, পুজোর মুখে সবজি ও ফলের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। প্রশাসনিক এই অভিযানের ফলে বাজারদর কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তাঁরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধু দিনবাজার নয়, জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার অন্যান্য ছোট-বড় বাজারেও আগামী দিনগুলোতে এই নজরদারি চালানো হবে। উৎসবের মরশুম শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদন

UTSAB RC