সাউথ পয়েন্ট স্কুলে সহপাঠীকে ছুরির কোপ, ঘটনাস্থলে পুলিশ
সংবাদদাতা, কলকাতা: কলকাতার নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে রক্তারক্তি কাণ্ড। ক্লাস নাইনের এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠীকে ছুরির কোপ মারার অভিযোগ। স্কুল চত্বরে পুলিশ। বুধবার দুপুরে এই ভয়াবহ ঘটনা ঘটে সাউথ পয়েন্ট স্কুলে। জানা গেছে ক্লাস নাইনের দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি দিয়ে গোলমালের শুরু। আচমকাই একজন অন্যজনের গলায় ছুরি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় স্কুলের মধ্যেই পড়ে যায় ছাত্রটি। জরুরিকালীন ভিত্তিতে জখম ছাত্রটিকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গেছে, তাঁর গলায় ছুরির গভীর ক্ষত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
স্কুল সূত্রে জানা গেছে, খবর পেয়েই ঘটনাস্থলে যায় গড়িয়াহাট থাকার পুলিশ। কথা বলে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সঙ্গে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু একজন ছাত্রের কাছে স্কুলের সময়ে কীভাবে ছুরি এল এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ঘটনার নেপথ্যে ঠিক কী হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। দুই পড়ুয়ার মধ্যে আগে থেকেই কোনও বিবাদ ছিল কি না, নাকি আচমকাই বচসা থেকে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে ওঠে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের ভেতরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। একজন ছাত্রের কাছে স্কুলের মধ্যে কীভাবে ছুরি এল, তা নিয়েও উঠছে প্রশ্ন। ধারণা করা হচ্ছে, হোমটাস্ক বা অন্য কাজের জন্য জন্য যে ছুরি থাকে, সেটি দিয়েই অভিযুক্ত আঘাত করেছে সহপাঠীকে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাকি পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।
