পুজোর বাজারে জমজমাট কেনাকাটা, জেন জি-র ফ্যাশন ট্রেন্ড কোনদিকে?
সংবাদদাতা, কলকাতা: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার পরই বেজে উঠবে ঢাকের বাদ্যি। এখন তাই মায়ের আগমনি পর্ব। আগমনি পর্বের অন্যতম হল কেনাকাটা। বাজার ঘুরে কেনাকাটা করতে অনেকেই তাই নেমে পড়েছেন। ইতিমধ্যেই জমে উঠেছে কলকাতার বাজার। নতুন পোশাক, জুতো, ব্যাগ থেকে শুরু করে সাজগোজের সামগ্রী— সবকিছুরই কেনাকাটায় ব্যস্ত শহরবাসী।
শ্যামবাজার, হাতিবাগান, নিউ মার্কেট, শিয়ালদহ, গড়িয়াহাট সহ শহরের বড় বাজারগুলিতে এখন ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। একই ছবি বিভিন্ন শপিং মলেও। তবে মাসের শেষ হওয়ায় এখনও কেনাকাটায় সকলে নেমে পড়েননি। আর দু’একদিনের মধ্যেই ঢল নামবে পুজোর বাজারে। নতুন মাসে বেতন হাতে এলেই বাজারে ভিড় আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এবার ট্রেন্ড কোনদিকে?
এবারের পুজোর বাজারে শুধু ভিড় নয়, বদলাচ্ছে ফ্যাশনের পছন্দও। বিশেষ করে জেন জি-র মধ্যে ট্রেন্ডে রয়েছে ইন্দো-ওয়েস্টার্ন এবং ফিউশন লুক। ভারতীয় কাপড়ের সঙ্গে ওয়েস্টার্ন কাট, কো-অর্ড সেট, ক্রপ টপ, ড্রেপড স্কার্ট, শর্ট বা লং ড্রেস, এ সবই জায়গা করে নিচ্ছে পুজোর ওয়ার্ডরোবে। আরামদায়ক পোশাকের সঙ্গে স্টাইল মিশিয়ে নেওয়াটাই এবার তরুণ প্রজন্মের পছন্দ।
শাড়ির ক্ষেত্রেও সাবেকিয়ানা পুরোপুরি হারিয়ে যাচ্ছে না। তাঁত, ধনেখালি, টাঙ্গাইল, জামদানি কিংবা বেনারসির সঙ্গে আধুনিক ব্লাউজ ও নতুন ড্রেপিং মিলিয়ে তৈরি হচ্ছে অন্যরকম লুক। অর্থাৎ ট্র্যাডিশন থাকবে, কিন্তু উপস্থাপনাটা হবে নিজের মতো।
এবার পুজোয় চিরাচরিত ট্রাডিশনাল লুকের পাশাপাশি আধুনিক ফিউশন ও আরামদায়ক পোশাকের মেলবন্ধন চোখে পড়বে। শাড়ি বা সালোয়ারের পাশাপাশি জেন জি–র কাছে কুর্তি স্টাইলের কো–অর্ড সেট, ফিউশন ড্রেস এবং লেয়ার্ড স্কার্ট এবার ফ্যাশন ট্রেন্ড। অষ্টমীর অঞ্জলি বা সন্ধের সাজে লাল–সাদা ঢাকাই, কাঁথা স্টিচ, সুতি, লিনেন ও মসলিন শাড়ির চাহিদা বেড়েছে। এবার অল্পবয়সি মেয়েরাও হাত বাড়াচ্ছেন শাড়ির দিকে। পৈঠানি থেকে শুরু করে অসম সিল্ক, মুগা, এরি সিল্ক, চান্দেরি, কাঞ্জিভরম, বমকাই, বালুচরি, কাঁথাস্টিচ, টাঙ্গাইল, সম্বলপুরি, পোচমপল্লি, চিকনকারি, মিনাকারি কাজের চাহিদা বেড়েছে। এবছর পুজোয় বাজার মাতাবে হরেক করমের মেখলার কালেকশন।
কোন রঙে নজর?
রঙের ক্ষেত্রেও বৈচিত্র্য। পুজোর চিরাচরিত সাদা-লাল এখনও জনপ্রিয়। পাশাপাশি উজ্জ্বল হলুদ, গোলাপি, বেগুনি, কমলা ও সবুজ রঙের পোশাকের চাহিদাও বাড়ছে। পুরুষদের পোশাকে আবার তুলনামূলক নরম প্যাস্টেল শেডের দিকে ঝোঁক দেখা যাচ্ছে।
ছেলেদের অনেকেই এবার লেমন গ্রিন কালার বেছে নিচ্ছেন। এই রঙের সিল্কের কুর্তার সঙ্গে টিমআপ করা প্রিন্টেড এথনিক জ্যাকেট ও ধোতি প্যান্টসের চাহিদা এবার তুঙ্গে। তাছাড়া মাল্টিকালার সুতোর এমব্রয়ডারি করা জ্যাকেট ও সাদা ট্রাউজার্সও এ বছর ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠে এসেছে।
সব মিলিয়ে এবারের পুজোর বাজারের মন্ত্র যেন, পুরনো ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের স্টাইল। পুজো যত এগোবে, ততই বাড়বে বাজারের ভিড়, আর তার সঙ্গে আরও স্পষ্ট হবে এবারের শারদসাজের ট্রেন্ড।
ছবি: ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায়ের সৌজন্যে
