বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মিলন প্রধানের গ্রেপ্তার ঘিরে উত্তপ্ত রাজনীতি, পাশে দাঁড়ানোর আবেদন স্ত্রীর

24 September, 2026 6:36 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:  ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি চরম উত্তপ্ত । সম্প্রতি ২০০৭ সালের ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলনের সময়কার মামলায় গ্রেপ্তার করা হয়েছে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। এই  ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি দায়ী করেছেন মিলনের স্ত্রী অর্পিতা প্রধান। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চেয়েছেন তিনি। বৃহস্পতিবার কলকাতার বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মিলনের স্ত্রী অর্পিতা প্রধান রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তোলেন। তিনি বেশ কয়েক বার কান্নায় ভেঙে পড়েন। অর্পিতা জানান, তাঁর স্বামী ছাত্রাবস্থা থেকেই কংগ্রেসের সঙ্গে যুক্ত। প্রলোভনে পড়ে অনেকে অন্য দলে যোগ দিলেও তিনি আদর্শচ্যুত হননি। দলের প্রতি তাঁর এই ভালোবাসার কারণেই কংগ্রেস তাঁকে নন্দীগ্রামে প্রার্থী মনোনীত করেছে। তাঁর গ্রেপ্তারির পেছনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দায়ী করে অর্পিতা বলেন, শুভেন্দু অধিকারী আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। ২০০৭ সালের ভূমি উচ্ছেদ আন্দোলনের সময় নন্দীগ্রামের ছেলে হিসেবে মিলন লড়াই করেছিলেন। সেই আন্দোলনে তো শুভেন্দু অধিকারী নিজেও যুক্ত ছিলেন। আজ শুভেন্দু অধিকারী স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছেন, আর আমার স্বামী মিথ্যা মামলায় জেলে! বিরোধী পক্ষ রাজনৈতিক চক্রান্ত করে মিলন প্রধানকে প্রচার থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে বলেও অভিযোগ করেন অর্পিতা। বলেন, আমি আমার স্বামীর হয়ে লড়াইয়ে নামছি। একা এই লড়াই সম্ভব নয়, দলবদ্ধভাবে লড়াই করতে হবে। তৃণমূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই মিলন প্রধানের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে অর্পিতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে বলেছেন তিনি মিলন প্রধানের পাশে আছেন। তাই আমি ওঁর কাছে এই লড়াইয়ে সাহায্য চাইছি। জানান, ঘরে বয়স্ক মা-বাবা রয়েছেন এবং ছোট্ট মেয়েটি পড়াশোনা করতে পারছে না। সংসারের একমাত্র উপার্জনের মানুষকে মিথ্যা অপবাদে আটকে রাখা হয়েছে। যে বা যাঁরা এই চক্রান্ত করছেন, তাঁদের শাস্তির দাবি জানান অর্পিতা। সাংবাদিক বৈঠকের শেষে অর্পিতা প্রধান কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রার্থীর হয়ে লড়াই করা আইনজীবী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকল কংগ্রেস কর্মীকে ধন্যবাদ জানান। খেজুরি এবং নন্দীগ্রাম থানা এলাকার পৃথক মামলায় কাঁথি ও হলদিয়া মহকুমা আদালত মিলন প্রধানকে যথাক্রমে ৭ অক্টোবর ও ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। মিলন প্রধানের বিরুদ্ধে থাকা বাকি ছ’টি মামলায় যাতে দমনমূলক কোনও পদক্ষেপ বা নতুন করে গ্রেপ্তার না দেখানো হয়, সে বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং শুক্রবার এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, তৃণমূলের মনোনীত প্রার্থী সঞ্চিতা প্রধান কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নাম প্রত্যাহার করেন। এর পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন জানান। সমর্থন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই একটি পুরনো খুনের মামলায় মিলন প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। যা নিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। চলছে তর্ক-বিতর্ক এবং আইনি যুদ্ধ।

প্রতিবেদন

Lopa Bhowmik