বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

‘বড়লোকের বিটি লো’ নিয়ে এবার সাইবার সেলের দ্বারস্থ ‘পদ্মশ্রী’ রতন কাহার

06 October, 2026 7:51 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, সিউড়ি : ১৯৭২ সালে  ‘বড়লোকের বিটি লো’ লিখে সুর করেছিলেন পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পী রতন কাহার। ১৯৭৬ সালে লোকসঙ্গীত শিল্পী স্বপ্না চৌধুরির কণ্ঠে প্রথম রেকর্ড হয় সেই গান। পায় জনপ্রিয়তা। তবে গায়িকা পরিচিতি পেলেও তিনি রয়ে গিয়েছিলেন প্রচারের আলোর বাইরে। যদিও তার আগেই  আকাশবাণীতে এই গান প্রাথমিকভাবে রতন কাহারের নিজের কণ্ঠেই প্রচারিত হয়েছিল।

কিন্তু এই বিপুল জনপ্রিয় গান নিয়ে জট কাটছে না কিছুতেই। সাহায্য চেয়ে এবার সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন বীরভূমের সিউড়ির বাসিন্দা  প্রবীণ এই শিল্পী। অভিযোগ, সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে তাঁর এই বিখ্যাত গানটি অত্যন্ত কুরুচিকর এবং বিকৃত করে পোষ্ট করা হয়েছে। শিল্পীপুত্র দেবাশিস কাহারের অভিযোগ, এই গানটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য তাদের কাছ থেকে কোনও রকম অনুমতি নেওয়া হয়নি। গানের গীতিকার এবং সুরকার হিসেবে কোথাও রতন কাহারের নামও উল্লেখ করা হয়নি। সবচেয়ে বড় কথা হল, গানটিকে ইচ্ছেমতো বিকৃত করা হয়েছে। যা মোটেই সমর্থনযোগ্য নয়। সৌমি মুখোপাধ্যায় নামে  এক গায়িকা এবং তাঁর বাবার বিরুদ্ধে  গানটি সোশ্যাল মিডিয়ায় পরিবেশনের অভিযোগ তুলেছেন  রতন কাহার এবং তাঁর ছেলে।

এই গান নিয়ে সমস্যার শুরু ২০২০ সালে। এই গানটিকে বিকৃত করে গাওয়ার অভিযোগে জনপ্রিয় র‌্যাপার বাদশার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন নেটনাগরিকরা। তার কণ্ঠে ‘লাল গেন্দা ফুল’ গানটির সঙ্গে প্রচুর মিল খুঁজে পাওয়া গিয়েছিল  ‘বড়লোকের বিটি লো’ গানের।প্রতিবাদ ছড়িয়ে পড়তেই রতন কাহারের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন বাদশা। রয়্যালটির ৫ লক্ষ রতন কাহারের হাতেও তুলে দিয়েছিলেন তিনি।

৯১ বছর বয়সী রতন কাহার জানিয়েছেন, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও গানকে আঁকড়ে ছিলেন তিনি। সেই সৃষ্টিকে নিজের অজান্তে বদলে দেওয়া বা ব্যবহার করা তাঁকে আঘাত করেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik