জার্মানির বহুতলে ভয়াবহ আগুন, মৃত ৩ ভারতীয়
বার্লিন: জার্মানির বোখাম শহরে বিধ্বংসী আগুন। পুড়ে মৃত তিন ভারতীয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন৷ নাক মুখ দিয়ে ধোঁয়া ঢুকে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। বোচুমের হোফস্টেড জেলায় বুধবার স্থানীয় সময় ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মৃতরা সকলেই কেরলের বাসিন্দা। নাম নোভা সাবু (২৫), অঞ্জলি শীলা জয় (২৫) এবং সিভিন জনি (২৬)। তাঁরা উচ্চশিক্ষা এবং কাজের চাকরির জন্য জার্মানি গিয়েছিলেন। তাঁদের দেহ দেশে ফিরিয়ে আনতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে কেরল সরকার ও স্থানীয় প্রবাসীরা। রাজ্যের পর্যটনমন্ত্রী পি সি বিষ্ণুনাথ জানিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। মৃত অঞ্জলি শীলা জয়ের পরিবারের সঙ্গেও কথা বলেছেন মন্ত্রী। অগ্নিদগ্ধ বাড়িটির তিন তলা থেকেই তিনজনের দেহ উদ্ধার করেন দমকল কর্মীরা৷ প্রাথমিক তদন্তের পর এই অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত খুন বলে সন্দেহ করছে পুলিশ। মনে করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছিল। খুনের সন্দেহে ওই বহুতলেরই ৪১ বছর বয়সি এক রোমানীয় নাগরিককে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। হোমিসাইড স্কোয়াডের তদন্তকারীরা তাঁকে জেরা শুরু করছেন। তদন্তে দেখা গেছে, নিচের তলায় আগুন লাগার পর কাঠের সিঁড়ির মাধ্যমে আগুন দ্রুত ওপরে ছড়িয়ে পড়ে। জানা গেছে, উদ্ধারকাজ চালাতে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। আগুন সিঁড়ি দিয়ে ওপরের ছড়িয়ে পড়ায় সেই পথ দিয়ে ওপরের তলায় যাওয়া যায়নি। ফলে বিকল্প পদ্ধতিতে বাসিন্দাদের উদ্ধার করতে হয় দমকলকে।
