ষষ্ঠীর সকাল থেকেই পুজোর মেজাজে কলকাতা, মণ্ডপে ধীরে ধীরে বাড়ছে ভিড়
সংবাদদাতা, কলকাতা: পঞ্চমীতেই বোঝা গিয়েছিল, এ বারের পুজোয় জনজোয়ারে ভাসবে কলকাতা। বৃষ্টি আর যানজটের বাধা উপেক্ষা করেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা। ষষ্ঠীর সকালেও ছবিটা কার্যত একই। আবহাওয়া আপাতত অনুকূল থাকলেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাতে উৎসবের আনন্দে ভাটা পড়েনি। সকাল থেকেই দল বেঁধে রাস্তায় নেমে পড়েছেন পুজোপ্রেমীরা। কারও গন্তব্য উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজো, কারও পছন্দ দক্ষিণ কলকাতার থিমের মণ্ডপ। প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। দোকানে দোকানে ভিড়, দরদাম করে পছন্দের জিনিস কিনে নেওয়ার তাড়াহুড়ো। সব মিলিয়ে শহর জুড়ে উৎসবের ব্যস্ততা তুঙ্গে।
অন্য দিকে, ষষ্ঠীর সকাল মানেই বহু মানুষের ঘরে ফেরার পালা। পুজোর আনন্দে পরিবারের সঙ্গে শামিল হতে কলকাতা ছাড়ছেন অনেকে। ফলে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে সকাল থেকেই চোখে পড়ছে যাত্রীদের ভিড়। হাতে ব্যাগ, সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে স্টেশনে পৌঁছচ্ছেন মানুষ। কেউ ফিরছেন নিজের বাড়িতে, কেউ আবার আত্মীয়স্বজনের সঙ্গে পুজো কাটানোর টানে শহরে আসছেন।
তবে উৎসবের আনন্দের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে কলকাতার যানজট। পঞ্চমীতেই বৃষ্টি ও যানজটের জোড়া ধাক্কা সামলাতে হয়েছে শহরবাসীকে। ষষ্ঠীতে রাস্তায় মানুষের সংখ্যা বাড়ায় যান চলাচল কতটা স্বাভাবিক থাকে, এখন সেটাই দেখার। আপাতত আকাশের দিকে নজর রেখেই পুজোর পথে কলকাতা। বৃষ্টি হোক বা যানজট, উৎসবের আনন্দে কোনও খামতি রাখতে নারাজ শহরবাসী।
