চতুর্থীর সকাল থেকেই পুজোর ভিড়, যান নিয়ন্ত্রণে মেগা অ্যাকশন প্ল্যান লালবাজারের
সংবাদদাতা, কলকাতা: বোধনের আগেই কলকাতার রাস্তায় পুজোর ভিড় শুরু। চতুর্থী থেকেই প্যান্ডেলমুখী মানুষের স্রোত। সন্ধে নামতেই সরগরম শহর। সেই ভিড় সামলাতে সকাল থেকেই খড়্গহস্ত পুলিশ। পরিস্থিতি সামাল দিতে বুধবার সকাল থেকেই পূর্ণ শক্তিতে ময়দানে নামল লালবাজার। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য মোতায়েনে রাস্তায় নেমে পড়েছেন ১২ হাজার পুলিশকর্মী এবং ২০ হাজার অস্থায়ী হোমগার্ড। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য আলাদা করে থাকছেন ৬ হাজার ট্রাফিক পুলিশ ও ট্রাফিকের কাজে নিযুক্ত আরও ৬ হাজার অস্থায়ী হোমগার্ড। মঙ্গলবার ট্রাফিক গার্ডগুলির ওসি ও ট্রাফিক বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করেন লালবাজারের পুলিশকর্তারা। সূত্রের খবর, সেখানে যান নিয়ন্ত্রণ নিয়ে একাধিক সিদ্ধান্ত হয়েছে। বাইপাসসহ গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি চালানোর পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালানো এবং বাইকে তিনজন চড়ার মতো নিয়মভঙ্গের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
পুজোর আগে থেকেই শহর ও শহরতলিতে তীব্র যানজটের অভিযোগ উঠছে। এ নিয়ে মঙ্গলবার মুখ খোলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। তিনি জানান, পুজো দেখতে শহরের বাইরে থেকেও বহু মানুষ আসেন এবং তাঁদের রাস্তা পারাপার করতে হয়। গাড়ি ও পথচারী একসঙ্গে বিশৃঙ্খলভাবে চললে সমস্যা তৈরি হতেই পারে। অফিসের ব্যস্ত সময়ে ভিড়ের কারণে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে, তবে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মা ফ্লাইওভারেও চাপ বাড়ছে। কমিশনারের ব্যাখ্যা, একদিকে নিউ টাউনের যানবাহন, অন্যদিকে কলকাতার যানবাহনের পুরো চাপ গিয়ে পড়ছে এই ফ্লাইওভারের ওপর। তাই ফ্লাইওভারে কোনও গাড়ি খারাপ হলে সেটিকে মাঝখানে এনে ছোট ক্রেনের সাহায্যে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে যানজট না বাড়ে। ট্রাফিক-সংক্রান্ত সমস্যা মেটাতে কলকাতা পুলিশ কাজ করছে এবং এ নিয়ে সরকারি স্তরেও আলোচনা চলছে বলে জানান তিনি।
লালবাজার সূত্রে খবর, শহরের একাধিক বড় মণ্ডপে ইতিমধ্যেই ভিড় জমেছে, বাইরে থেকেও অনেকে আসছেন। তার ওপর পুজোর কেনাকাটা এখন একেবারে শেষ পর্বে। দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট সংলগ্ন এলাকা, মধ্য কলকাতায় নিউ মার্কেট ও ধর্মতলা, উত্তরে হাতিবাগান ও শ্যামবাজারে কেনাকাটার ভিড় চোখে পড়ছে। যাদবপুর, কসবা, পার্ক সার্কাস এবং উত্তরের শপিং মলগুলির আশপাশেও মানুষের ঢল। বিকেলের পর অফিসফেরত যাত্রীদের ভিড় যোগ হওয়ায় বিভিন্ন জায়গায় যান চলাচল ধীরগতিতে চলছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক আধিকারিকরা ময়দানে রয়েছেন বলে জানিয়েছে লালবাজার।
