দুধ দিচ্ছে না গরু, অভিযোগ জানাতে থানায় হাজির মালিক
সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: যত্নআত্তিতে কোনও খামতি নেই। খাওয়াদাওয়াও দেওয়া হচ্ছে নিয়ম মেনে। তবু দুধের পরিমাণ নামমাত্র। এই ‘ অন্যায়’ সহ্য করতে না পেরে গরুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলেন মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকার বাসিন্দা লক্ষ্মণ যাদব। তার এই অদ্ভুত কান্ডে হতবাক পুলিশ।
অভিযোগকারী লক্ষ্মণ যাদব মূলত চাষচাষ করলেও তাঁর বেশ কয়েকটি গরুও রয়েছে। এলাকার কয়েকটি বাড়িতে তিনি দুধও বিক্রি করেন। পুলিশকে ওই ব্যক্তি জানিয়েছেন, সপ্তাহ দুয়েক আগে উপরডাঙা গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ৩২ হাজার টাকা দিয়ে একটি অন্তঃসত্ত্বা গাভি কেনেন। তার দাবি, গরু কেনার সময় বিক্রেতা তাকে জানিয়েছিলেন যে, দিনে ৮-১০ লিটার দুধ দেয় গরুটি। কিন্তু প্রসবের পরে দেখা যায় গরুটি মাত্র ৩ লিটার দুধ দিচ্ছে। এরপরেই পুলিশের কাছে প্রতিকার চাইতে হাজির হন লক্ষ্মণ।
এ ধরণের অভিযোগ পেয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান পুলিশকর্মীরা। লক্ষ্মণকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টাও করেন। কিন্তু লক্ষ্মণ জানান, সমস্যার সমাধান না হলে তিনি বাড়ি যাবেন না। অগত্যা গরুটির বিক্রেতাকে থানায় ডেকে পাঠায় পুলিশ। পুলিশের মধ্যস্থতায় গরুর বিক্রেতা সঙ্গে আলোচনায় বসেন লক্ষ্মণ যাদব। দীর্ঘক্ষণ কথাবার্তা, তর্কবিতর্কের পর বিক্রেতা ২ হাজার টাকা লক্ষ্মণকে ফেরত দিতে রাজি হন। সেই টাকা হাতে নিয়ে তবেই বাড়ি ফেরেন লক্ষ্মণ।
