আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত তরুণী
সংবাদদাতা, ক্যালিফর্নিয়া: ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে খুনের অভিযোগ আমেরিকায়। অভিযোগ, তরুণীর পিছু ধাওয়া করে তাঁকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হামলাকারী। জানা গেছে, মৃতা শালিনী ঠাকুর ক্যালিফর্নিয়ার স্যাক্রামেন্টোয় একটি রেস্তরাঁয় কাজ করতেন। তরুণীর মৃতদেহ উদ্ধারের পর পাওয়া যায় হামলাকারীরও নিথর দেহ। পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছেন অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম রোহিত। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের নজির রয়েছে তার। বেশ কিছুদিন আগে অ্যারিজোনায় পুলিশের হাতে আটকও হয়েছিলেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই শালিনীকে উত্যক্ত করতেন রোহিত। রাস্তায় তাকে অনুসরণও করতেন প্রতিনিয়ত। গত মঙ্গলবার যখন শালিনী কাজে যাচ্ছিলেন সেই সময় তাকে পিছু করতে থাকেন রোহিত। এরপর রেস্তরাঁর সামনেই শালিনীকে গুলি করে খুন করেন। জানা গেছে, হামলাকারী একটি গাড়ি চড়ে এসেছিল। পরে গাড়ির সন্ধান করতে গিয়ে ক্যালিফর্নিয়ার হাইওয়ের ধারে সেটিকে খুঁজে পায় পুলিশ। হামলাকারী প্রথমে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ চলে দু’পক্ষের টানাপড়েন। এরপর ড্রোনের মাধ্যমে পুলিশ দেখে গাড়ির ভেতর আহত অবস্থায় পড়ে রয়েছে হামলাকারী। গাড়ির কাচে পৌঁছে পুলিশ দরজা খুলতেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় রোহিতকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অনুমান, আত্মঘাতী হয়েছে রোহিত। শালিনীর মা সুদেশ কুমারী জানিয়েছেন, প্রায় মাস তিনেক ধরে শালিনীকে বিয়ে করার জন্য চাপ এবং হুমকিও দিচ্ছিল রোহিত। কিন্তু শালিনী বরাবরই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
