জন্মাষ্টমীতে জন্ম হওয়া জাতক–জাতিকার ভবিষ্যৎ
জ্যোতিষাচার্য উৎপলকুমার দাস
আজ জন্মাষ্টমী। এই দিনে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে কথিত আছে। আজকের দিনে চন্দ্র বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ জ্যোতিষের পরিভাষায় চন্দ্র সুতঙ্গী। আজ যাদের জন্ম হবে তাদের সবারই সারা জীবন চন্দ্র শুভ অবস্থানে থাকবে। শুধু সময়ের সঙ্গে সঙ্গে চন্দ্রের ডিগ্রি পরিবর্তিত হতে থাকবে। কিন্তু আজ রাশিচক্রে শনি বক্রি হয়ে মীন রাশিতে বসে আছে রেবতী নক্ষত্রে। এই ক্ষেত্রটি বৃহৎ পরিসরে আলোচনা করা দরকার। এখানে একটা সূত্র বলে রাখি। যাতে সবারই বুঝতে সুবিধে হবে। শনি যেখানে বসেন সেই ঘর থেকে তিন নম্বর, সপ্তম ঘর এবং দশম ঘরকে লক্ষ্য রাখেন। তাহলে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র কিন্তু আজ জন্মাষ্টমীর দিন শনি দ্বারা দৃষ্ট হল। যত শিশু আজকের দিনে জন্ম নেবে তাদের প্রত্যেকেরই চন্দ্র শনি দ্বারা দৃষ্ট হবে। অর্থাৎ জ্যোতিষ বিচারে চন্দ্র হল ‘মা’ এবং চন্দ্র হল মন বা মননশীলতার ধারক। সুতরাং এই দুটি জায়গাই অশুভ হল। অর্থাৎ সুতঙ্গী চন্দ্রের যে সর্বাঙ্গীণ শুভ অবস্থান তা কিছুটা বিঘ্নিত হল। আজ যারা জন্মাচ্ছে তারা বৃহস্পতির শুভ আশীর্বাদ পাবে। কারণ বর্তমান সময়ে বৃহস্পতি তুঙ্গ অবস্থানে বসে রয়েছে বুধের নক্ষত্রে। বৃহস্পতি তুঙ্গ থাকায় বৃহস্পতির শুভ ফল, যেমন— বিদ্যা, মেধা, অর্থ, উচ্চশিক্ষা, পরিবারের গুরু স্থানীয় ব্যক্তিদের শুভ ফল আশা করা যায়। আরও ভালো যোগ আছে। আজ যারা জন্মাচ্ছে তারা বুধাদিত্য যোগের ফল পাবে। অর্থাৎ বুধ ও সূর্য সিংহ রাশিতে বসে থেকে এই শুভ যোগ তৈরি করবে। এতে জাতক বা জাতিকার জীবনে উন্নতির পথ সুগম হবে। উচ্চপদে চাকরি করার যোগ রয়েছে। পিতার ক্ষেত্রেও শুভ হবে। জাতক–জাতিকা আশাতীত ক্ষমতা ভোগ করতে পারেন। উচ্চশ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করা, তাদের অনুগ্রহ লাভ সবই হতে পারে।
আরেকটি শুভ অবস্থানের কথা বলা যেতে পারে। সেটি হল শুক্রের অবস্থান। যা এখন তো তুলা রাশিতে নিজ ক্ষেত্রে অবস্থান করছে। সুতরাং আজ যাদের জন্ম হচ্ছে তাদের সব শুভ গুণাগুণ থাকতে পারে। শিল্পকলা, সৌন্দর্যবোধ, কোনও জিনিস তাড়াতাড়ি আয়ত্ব করা, যানবাহন এবং সুন্দর গৃহ তৈরি, সূক্ষ্ম জিনিসের প্রতি আগ্রহ, কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বিদ্যায় সাফল্য লাভ, গান–বাজনা, ছবি আঁকা, নৃত্যশৈলী প্রভৃতিতে তাঁরা দক্ষ হতে পারেন।
এবার আসি রাহুর অবস্থানের কথায়। যাকে নিয়ে সবারই একটা ভয় থাকে। তবে রাহু মানেই অশুভ তা কিন্তু মোটেই নয়। হঠাৎ কোনও প্রাপ্তি বা লটারিতে অর্থপ্রাপ্তির আশাতীত ফল লাভও সম্ভব হতে পারে। রাহু এখন কুম্ভ রাশিতে তার নিজস্ব মূল ত্রিকোণে অবস্থান করছে। তাই আজ যাদের জন্ম হচ্ছে তাদের ছোটবড় কিছু না কিছু দুর্ঘটনার প্রবণতা থাকতে পারে। তারা বেশ কিছুআ জেদি বা একরোখা এবং অস্থির প্রকৃতির হতে পারেন। অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে দশা, অন্তর্দশা সবই পরিবর্তনশীল।
সবশেষে শনিদেবের অবস্থানের কথা দিয়ে আলোচনা শেষ করা যাক। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আজ শনি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে বুধের নক্ষত্রে। তার মানে বৃহস্পতির ঘরে ও বুধের নক্ষত্রে। আজ জন্ম নেওয়া কোনও জাতক–জাতিকার কখনোই শনির কাছ থেকে খারাপ ফল লাভ করবেন না। শনি চিরকালই তাদের সকলকে শুভ ফল দেবেন।
