মাথাভাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা, একই পরিবারের চারজন গুরুতর আহত
সংবাদদাতা, কোচবিহার: সপ্তমীর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন নদীয়ার একই পরিবারের চার সদস্য সহ পাঁচজন। মাথাভাঙা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের গরীবপুর এলাকায় ১৬ নম্বর রাজ্য সড়কে দুটি চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দু’টি গাড়িরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের বাড়ি নদীয়ার ধানতলা থানার দত্তফুলিয়া এলাকায়। তাঁরা হলেন নৃপেন ওঝা, বিষাদি বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস ও মিঠুন ওঝা। আহতদের মধ্যে মিঠুন ওঝা সেনায় কর্মরত। দুর্ঘটনায় কারও পায়ে গুরুতর চোট লেগেছে, কারও মাথা ও কপাল ফেটে গিয়েছে, আবার কারও বুকে আঘাত লেগেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কাজে দিনহাটায় এসেছিলেন তাঁরা। রাতে আত্মীয়ের বাড়িতে থাকার পর রবিবার ভোরে নদীয়ার উদ্দেশে রওনা দেন। পরিকল্পনা ছিল, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে অষ্টমীর অঞ্জলি দেওয়া ও পুজোর আনন্দে মেতে ওঠা।
কিন্তু বাড়ি ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনায় সেই আনন্দের পরিকল্পনা মুহূর্তে বদলে যায়। আহতদের অভিযোগ, বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের গাড়ি দ্রুতগতিতে বেপরোয়াভাবে এগিয়ে আসছিল। বিপদ বুঝতে পেরে তাঁদের গাড়ির চালক প্রসেনজিৎ বিশ্বাস গাড়িটি থামিয়ে রাস্তার ধারে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কালো গাড়িটি তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে ও সংঘর্ষের তীব্রতায় অন্য গাড়িটির ওপরে উঠে যায় আহতদের গাড়িটি।
দুর্ঘটনার পর কালো গাড়ির চালককে ঘটনাস্থলে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। মাথাভাঙা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
