মদ না পেয়ে বিমানে তাণ্ডব যাত্রীর, কামড়ে দিলেন বিমানকর্মীকে
সংবাদদাতা: আকাশপথে কয়েক হাজার ফুট উপরে আচমকা শুরু হল এক মহিলা মদ্যপ যাত্রীর তাণ্ডব। তিনি হঠাৎই ‘মদ দাও মদ দাও’ বলে চিৎকার করতে থাকেন। উড়ন্ত বিমানে এমন আচরণ দেখে বিমানকর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কে শোনে কার কথা। তাঁর তক্ষুনি মদ দরকার। মদ চেয়ে না পেয়ে বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত এক বিমানকর্মীকে কামড়ে ও লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বাধ্য হয়ে মাঝপথে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করে ওই যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।
দিন কয়েক আগে ঘটনাটি ঘটেছে ইউনাইটেড এয়ারলাইন্সের UA18 ফ্লাইটে। বিমানটি ইতালির মিলান মালপেনসা বিমানবন্দর থেকে নিউ জার্সির উদ্দেশে যাচ্ছিল। বিমানে ছিলেন ২৭৪ জন যাত্রী এবং ১৩ জন কর্মী।
রিপোর্টে জানা গিয়েছে, প্রথম শ্রেণির যাত্রী ছিলেন রাশিয়ার ক্রিস্টিনা কেদিশেভা বিমানে কয়েকটি পানীয় নেওয়ার পর আরও মদ চেয়েছিলেন। ক্রু সদস্যরা তাঁকে আর মদ পরিবেশন করতে অস্বীকার করেন। এরপর তিনি বারবার বিমানের পিছনের অংশে যেতে থাকেন এবং আরও হুইস্কি ও কোক চাইতে থাকেন। পরিস্থিতি সামলাতে ক্রু সদস্যরা তাঁকে নিজের আসনে ফিরে যেতে বলেন। কিন্তু অভিযোগ, তিনি কারও কথায় কান না দিয়ে নিজের মোবাইল ফোনে বিমানকর্মীদের ভিডিও করতে থাকেন। সিটবেল্ট সাইন জ্বলার পরও আসনে না ফেরায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
শেষ পর্যন্ত তাঁকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ক্রু সদস্যরা। সেই সময় তিনি এক বিমানকর্মীর হাতে কামড়ে দেন এবং তাঁকে লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁকে নিয়ন্ত্রণ করতে পাঁচজন ক্রু ও যাত্রীকে এগিয়ে আসতে হয়। এরপর নিরাপত্তার স্বার্থে বিমানটির গতিপথ বদলে মেইনের বাঙ্গোর বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে বিমানকর্মীদের কাজে বাধা দেওয়া এবং হামলার অভিযোগে মামলা করা হয়েছে। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
