আন্দামান ও নিকোবরের নতুন উপ রাজ্যপাল ড. দীনেশ শর্মা
অনাদিরঞ্জন বিশ্বাস, আন্দামান
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পঞ্চদশতম উপ-রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন ড. দীনেশ শর্মা। মঙ্গলবার, সকাল ১১-৫১ মিনিটে ড. দীনেশ শর্মাকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।
উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে চিফ কমিশনারের শাসন অবলুপ্ত করে চালু করা হয় উপ-রাজ্যপালের শাসন। ১৯৮২ সালের ১২ নভেম্বর দ্বীপপুঞ্জের প্রথম উপ রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মনোহর লাল কাম্পানি। বর্তমান উপ-রাজ্যপাল ড. দীনেশ শর্মার আগে, অক্টোবর ২০১৭ থেকে এই দ্বীপপুঞ্জের উপ-রাজ্যপাল ছিলেন অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) দেবেন্দ্রকুমার যোশী।
১৯৬৪ সালের ১২ জানুয়ারি লখনউতে জন্ম হয় ড. দীনেশ শর্মার। পেশাগত জীবন শুরু করেন লখনউ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক হিসেবে। পরবর্তীতে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সময় উচ্চ ও মাধ্যমিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। তার আগে ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন লখনউয়ের মেয়র পদে। উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি।
