লক্ষাধিক টাকার সাইবার প্রতারণা চক্রের হদিশ দুর্গাপুরে , গ্রেপ্তার ৭

সংবাদদাত, দুর্গাপুর: মোবাইল টাওয়ার বসানোর প্রতিশ্রুতির ফাঁদ। হাতিয়ে নেওয়া হল লক্ষ লক্ষ টাকা। দুর্গাপুর থেকে সাইবার প্রতারণা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ ও এ-জোন ফাঁড়ির যৌথ দল রাজ্য সাইবার বিভাগের সহযোগিতায় বেনাচিতির একটি ভাড়া বাড়িতে অভিযান চালায়। ধৃতদের মধ্যে তিন জন যুবতীও রয়েছেন। তাঁরা মূলত বিহারের একটি দলের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর।
জানা গেছে, অভিযুক্তরা ওই বাড়িতে একটি ভুয়ো অফিস খুলে দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবার চালাচ্ছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যুবক যুবতীদের এই চক্রে যুক্ত করে দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হতো। মোবাইল পরিষেবা সংস্থার টাওয়ার বসানোর নামে বাড়ি বা জমির মালিকদের মোটা টাকার লোভ দেখিয়ে রাজি করানো হতো। এরপর নানা অজুহাতে ওটিপি হাতিয়ে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিত প্রতারকরা।
ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক ল্যাপটপ, মোবাইল, সিম কার্ড এবং ভুয়ো পরিচয়পত্র সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং চক্রের জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ।
