গভীর রাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

সংবাদদাতা,মালদহ: গভীর রাতে মালদহের চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মাঝরাতে হঠাৎ করেই থানার ভিতর আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে প্রথম ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরবর্তীতে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হয়। শেষ পর্যন্ত দমকলকর্মী, পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন চারপাশে ছড়িয়ে পড়ার আগেই সতর্কতা অবলম্বন করে থানার গুরুত্বপূর্ণ নথি, মামলার কেস ডায়েরি এবং কম্পিউটারসহ বিভিন্ন জরুরি সামগ্রী নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। যার ফলে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। এই আকস্মিক দুর্ঘটনায় থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও ঠিক কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
মাঝরাতে থানায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন।
