রোগী মৃত্যু: গাফিলতির অভিযোগে বিক্ষোভ হাসপাতালে

সংবাদদাতা, কোচবিহার: পেটের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন বেসরকারি হাসপাতালে। কিন্তু দুদিন পরেই মারা যান রোগী। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারের কোতোয়ালিতে। মৃতের পরিবারের দাবি, শুক্রবার সন্ধে পর্যন্ত রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু রাতে হাসপাতাল থেকে হঠাৎ ফোন করে জানানো হয় রোগীর অবস্থার অবনতি হয়েছে। এরপর দ্রুত হাসপাতালে পৌঁছোন আত্মীয়রা। সেখানে গিয়ে জানতে পারেন রোগীর মৃত্যু হয়েছে।
হঠাৎ কীভাবে সুস্থ রোগীর অবস্থার অবনতি হল এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, এই প্রশ্ন তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।
