বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

ধানের দানায় লক্ষ্মীর প্রতিকৃতি ফুটিয়ে নজর কাড়লেন বাঁকুড়ার ইন্দ্রনীল

24 October, 2026 5:45 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বাঁকুড়া: পুজোর ছুটিকে নিপুণ শিল্পচর্চায় কাজে লাগিয়ে ফের তাক লাগালেন বাঁকুড়ার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এর আগে ছোট্ট ভাঁড়ের ভেতর দেবী দুর্গার রূপ ফুটিয়ে তিনি নজর কেড়েছিলেন। এবার একটিমাত্র ধানের দানার ওপর মাটি ও রঙের ছোঁয়ায় অবিকল ফুটিয়ে তুললেন দেবী লক্ষ্মীকে। লাল শাড়ি, মাথায় মুকুটশোভিত এই ক্ষুদ্র প্রতিমায় শিল্পীর অসাধারণ ধৈর্য ও দক্ষতার ছাপ স্পষ্ট।
শিল্পীর কথায়, এই সৃষ্টির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটিমাত্র চাল বা ধানের দানার মতো ক্ষুদ্র জায়গায় নিখুঁতভাবে মাটি বসানো। সামান্য অসাবধানতাতেই মাটি ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। মাটি স্থাপন থেকে শুরু করে শুকানো, প্রাইমার কোট, রং করা এবং শেষে নিখুঁত চক্ষুদান— পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাঁর সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয় দিন।
ধান, চাল বা কাচের বোতলের মতো অদ্ভুত ও ক্ষুদ্র মাধ্যমে শিল্পকর্ম ফুটিয়ে তোলা ইন্দ্রনীলের কাছে অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি রামায়ণ-মহাভারতের বিভিন্ন পৌরাণিক চরিত্র, খ্যাতনামা মনীষী, চলচ্চিত্র তারকা এবং বাঁকুড়ার একাধিক বিশিষ্ট ব্যক্তির ক্ষুদ্র মূর্তি তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন। পুজো মরশুমে তাঁর এই নতুন সৃষ্টি প্রমাণ করল শিল্পকর্মের মূল মাপকাঠি তার আকার নয়, বরং শিল্পীর সৃজনশীলতা, একাগ্রতা ও অদম্য ধৈর্য।

প্রতিবেদন

Lopa Bhowmik