পুলিশের নজর এড়িয়ে যন্তর মন্তরে ঢুকে পড়লেন ককরোচ নেতারা, আটক সৌরভ ও রাঙ্কা
সংবাদদাতা, নয়াদিল্লি: যন্তর মন্তরে পুলিশের নজর এড়িয়ে ঢুকে পড়লেন ককরোচ জনতা পার্টির নেতা ও সমর্থকেরা। মঙ্গলবারের এই ঘটনায় দ্রুত আটক করা হল ককরোচ জনতা পার্টির সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে। সোমবারই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশিকা দিয়েছে সেই মন্ত্রকেরই অধীনে থাকা দিল্লি পুলিশ। যন্তর মন্তরের বদলে রাজধানীর তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে—রামলীলা ময়দান, বুরারি মাঠ, পূর্ব দিল্লির সিবিডি। এ বার থেকে ওই তিন জায়গায় কর্মসূচি পালন করা যাবে। কিন্তু প্রতিবাদের স্থান হিসেবে স্বীকৃতি হারানো সেই যন্তর মন্তরেই মঙ্গলবার গেট টপকে প্রবেশের চেষ্টার সময় দিল্লি পুলিশ সিজেপি নেতা সৌরভ এবং আশুতোষ রাঙ্কাকে আটক করে। আটক হওয়ার আগে রাঙ্কা এক্সে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োয় তাঁকে, সৌরভ দাসকে এবং আরও কয়েক জন সমর্থককে গোপনে যন্তর মন্তরের ভিতরে ঢুকতে দেখা যায়। তালাবন্ধ গেট টপকে যন্তর মন্তরে ঢুকে পড়েন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা সহ আরও কয়েক জন সিজেপি সদস্য । গেট টপকে সেখানে ঢুকে তেরঙা পতাকা তুলে ধরেন তাঁরা ৷ তাঁদের মুখে ছিল স্লোগান, ‘ভারত মাতা কি জয়’। এর পরেই তাঁদের আটক করা হয় বলে খবর। উল্লেখ্য, সোমবারই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সিজেপি নেতারা। অনুমতি না মেলায় আবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথাও জানিয়েছিলেন সিজেপি নেতৃত্ব। তার পরের দিনই বন্ধ যন্তর মন্তরে ঢুকে আটক হলেন সিজেপির যুগ্ম আহ্বায়করা।এর আগে শনিবার ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর সংক্রান্ত অভিযোগ এবং ভারতের নির্বাচন কমিশনের কার্যপদ্ধতির বিরোধিতায় যন্তর মন্তরে সিজেপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির ঠিক আগেই আটক করা হয় অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে। দিল্লি বিমানবন্দরে তাঁদের বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। বিমান থেকেই আটক করা হয় তাঁদের।
