চোরবাগান দুর্ঘটনা থেকে শিক্ষা, কলকাতার মন্ডপে মেডিকেল টিম, ছুটি বাতিল স্বাস্থ্য কর্মীদের
সংবাদদাতা, কলকাতা: আজ মহাষ্টমী। চোরবাগানের ঘটনায় বাঙালির উৎসবে এক লহমায় বেজে উঠেছে বিষাদের সুর। চোরবাগানে ঠাকুর দর্শনে গিয়ে প্রাণ হারিয়েছে ১৯ জন। সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করল স্বাস্থ্যভবন। চিকিৎসক থেকে আধিকারিকদের ছুটি বাতিল। ছুটি পাবেন না কর্মীরাও। প্রশাসন ইতিমধ্যেই ক্লাবগুলিকে চোরবাগানের ঘটনা নিয়ে সতর্কবার্তা প্রচার করার নির্দেশ দিয়েছে। বিভিন্ন মণ্ডপে টানানো হয়েছে শোকবার্তা। মহাষ্টমী থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে দর্শন। যে সব মন্ডপগুলির দর্শন স্থগিত করা হয়েছিল, সেগুলিও খুলে যাচ্ছে।
শনিবার স্বাস্থ্যভবন একটি নির্দেশিকা জারি করেছে।এনআরএস, আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএমের মেডিক্যাল টিমের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। টিমগুলি থাকবে কলকাতা সংলগ্ন মণ্ডপগুলিতে। সন্তোষ মিত্র স্ক্যোয়ার, টালা প্রত্যয়, কলেজ স্ক্যোয়ার, একডালিয়া এভারগ্রিন, চেতলা অগ্রণীতে মোতায়েন করা হবে মেডিক্যাল টিম। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত পুজোমণ্ডপগুলিতে থাকবেন একজন করে চিকিৎসক।
হাসপাতালে অর্থোপেডিক, নিউরো সার্জন, অ্যানাস্থেটিস্টদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। অ্যাম্বুল্যাস, রক্ত, অক্সিজেনের জোগান যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, সেদিকে নজর রাখতে হবে। সকলের ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ না মানলে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্যভবন। বাবুঘাটের বিসর্জনেও কড়া নজর থাকবে প্রশাসনের। টাকিতেও বিসর্জনের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা ও প্রস্ততি নিতে বলা হয়েছে উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।
