ইতিহাসের পরিসমাপ্তি, পুড়ে ছাই প্যারিসের প্রাচীন ও জনপ্রিয় বাজার
প্যারিস: প্যারিসের অত্যন্ত জনপ্রিয় ও বহু পুরনো ফুড মার্কেট ‘মার্শ কুভের দেজ এনফ্যান্ট রুজ’-এ বিধ্বংসী আগুন। রবিবার রাতে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনতে সোমবার সকাল গড়িয়ে যায়। দমকলের ৫০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্বে আনে। প্যারিস সেন্টারের মেয়র অরিয়েল ওয়েল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও বিখ্যাত ওই বাজারের আর কোনও চিহ্নই অবশিষ্ট নেই। প্যারিসের সবচেয়ে পুরোনো বাজার ছিল এটি। বিরাট এই বাজারটির মাথার ওপরে ঢাকা দেওয়া ছিল। দমকল জানিয়েছে, আগুনে একজন দমকল কর্মী ছাড়া আর কোনও হতাহতের খবর নেই। বাজারের মূল লোহার কাঠামটি পুরোপুরি ভেঙে পড়েছে।
সালটা ১৬১৫। রাজা ত্রয়োদশ লুইয়ের রাজত্বকালে প্যারিসের মারাইস জেলায় চালু হয় এই মার্কেটটি। এর কাছাকাছি ছিল শিশুদের একটি অনাথ আশ্রম। সেখানকার বাচ্চাদের লাল রঙের পোশাক পরানো হতো। তাদের স্মরণে ১৭৭২ সালে এই বাজারের নাম রাখা হয় “মার্শ দেজ এনফ্যান্ট রুজ”। যার বাংলা অর্থ লাল শিশুদের বাজার। প্রায় ৩৬৭ বছর পর ১৯৮২ সালে এই বাজারটি ঐতিহাসিক ও জনপ্রিয় ফুড মার্কেটের তকমা পায়। বাজারটিতে ছিল রকমারি রেস্তোরাঁ , খাবারের দোকান, ফুলের দোকান ও ওয়াইনের দোকান ইত্যাদি। বাজারটি তার প্রাণবন্ত পরিবেশ এবং বৈচিত্র্যময় স্ট্রিট ফুডের জন্য বিশ্বজুড়ে পর্যটক ও স্থানীয়দের কাছে জনপ্রিয় ছিল। এখানে ফ্রেঞ্চ ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি মরক্কো, লেবানন ও জাপানিজ সহ বিভিন্ন দেশের খাবার পাওয়া যেত।
