বিশেষভাবে সক্ষম শিশুদের অসাধারণ প্রয়াস

শৌভিক সরকার
দক্ষিণ কলকাতার সাউথ সিটি রেসিডেন্সি ফেস্টিভ্যাল কমিটি প্রতি বছরের মতো এবারও একটি অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করেছিল দেবীপক্ষের সূচনায়। ১৬টি স্পেশাল স্কুল অর্গানাইজেশনের দেড়শোর বেশি বিশেষভাবে সক্ষম শিশু,কিশোর, যুবক অংশ নিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। শিরোনাম ‘স্মাইল অন দেয়ার ফেসেস’।
এই উদ্যোগের মূল হোতা ছিল ‘সমন্বয়’। এই সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে চলেছে। ইতিমধ্যেই রাজ্যের সাংস্কৃতিক জগতে ‘সমন্বয়’ একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছে।
এই সংস্থারই নতুন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ অবলম্বনে তৈরি একটি কম্পোজিশন। নাচ ও অভিনয়ের সংমিশ্রনে প্রযোজনাটি প্রশংসা পায়। সংস্থার কর্ণধার কাজরী গায়েনের নেতৃত্বে এবং নূপুর সরকারের পরিচালনায় দশজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর মঞ্চস্থ করে প্রযোজনাটি। অগ্নিভ বন্দোপাধ্যায়ের পরিচালনায়, কাজরী গায়েনের ভাষ্যপাঠে, ড: অর্পণ রক্ষিত, নয়না চক্রবর্তী, পরেশ চন্দ্র খানের কণ্ঠে অনবদ্য এক আবহ তৈরি হয় প্রেক্ষাগৃহে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়। ভবিষ্যতে এ ধরনের পরীক্ষামূলক কাজের সংখ্যা আরও বাড়াতে চলেছে ‘সমন্বয়’।
