বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

ভিএইচপি-র আপত্তি: গুজরাত সরকারের পত্রিকা থেকে বাদ আজিজ তানকারভির কবিতা

26 October, 2026 6:51 PM Lopa Bhowmik
শেয়ার করুন

গান্ধীনগর: বিশ্ব হিন্দু পরিষদের আপত্তি। সাংবাদিক তথা গজল লেখক আজিজ তানকারভির লেখা কবিতা বাদ পড়ল গুজরাত সরকার প্রকাশিত পত্রিকার উৎসব সংখ্যা থেকে। দীপাবলির আগে প্রতি বছর একটি উৎসব সংখ্যা প্রকাশ করে গুজরাত প্রশাসন। সেখানেই ছাপা হয়েছিল তানকারভির কবিতাটি। জানা গেছে, কবিতাটি বাতিল করার কারণ হল, তার মধ্যে মীরাবাই এবং রামের কথা বলা হয়েছে। খবর,  ‘গুজরাত দীপোৎসব অঙ্ক’ শিরোনামের ওই পত্রিকার ৫০টি কপি বিলি করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ তাদের আপত্তির কথা জানিয়ে চিঠি দেয় গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে। এর পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজিজের ওই কবিতার বদলে অন্য একটি কবিতা দিয়ে নতুন করে ছাপানো হবে পত্রিকাটি।

জানা গেছে, আজিজ তানকারভির লেখা কবিতাটির নাম ‘প্রেম না হোয় কেঁ এভি শরত’। যার বাংলা অর্থ ভালোবাসার কোনও শর্ত হয় না। পত্রিকার ৩৮৯ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছিল কবিতাটি। সেখানেই রাম এবং মীরাবাইয়ের উল্লেখ রয়েছে। গত ২১ অক্টোবর ‘গুজরাত দীপোৎসব অঙ্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এরপর ২৩ অক্টোবর তাঁকে চিঠি দেন বিশ্রব হিন্দু পরিষদের গুজরাত অঞ্চলের সম্পাদক অশ্বিন পটেল। অভিযোগ করেন, উৎসব সংখ্যায় প্রকাশিত আজিজ তানকারভির কবিতায় যে ভাবে মীরাবাই বা রামের কথা উল্লেখ করা হয়েছে, তাতে ‘ধর্মীয় ভাবাবেগকে’ আঘাত লাগছে। সেই সঙ্গে কবিতাটি পত্রিকা থেকে সরানোর দাবিও জানানো হয়। পাশাপাশি  যিনি বা যাঁরা কবিতাটি পত্রিকায় জায়গা দেওয়ার অনুমোদন দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি জানানো হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, আজিজের ওই কবিতাটির জায়গায় পত্রিকায় স্থান পাচ্ছে  কবি প্রকাশ জালালের লেখা ‘জোইয়ে’  শিরোনামের একটি কবিতা।

প্রতিবেদন

Lopa Bhowmik