স্কুলের অনুমোদনের জন্য় ১০০ কোটির দুর্নীতি, গ্রেপ্তার তামিলনাড়ুর প্রাক্তন শিক্ষামন্ত্রী

চেন্নাই, ২৬ অক্টোবর: পূর্বতন ডিএমকে সরকারের আমলে বেসরকারি স্কুলকে অনুমোদন দেওয়ার বিনিময়ে অন্তত ১০০ কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হলেন তামিলনাড়ুর প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝি। তৎকালীন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের জমানায় তিনি শিক্ষা দপ্তরে দায়িত্বে ছিলেন। সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ।
তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী তথা টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের সরকারের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছে ডিএমকে। তবে পুলিশের বক্তব্য, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত মহেশের শিক্ষামন্ত্রী থাকার সময়ে বিধি ভেঙে টাকার বিনিময়ে অন্তত ১৭৭টি বেসরকারি স্কুলকে ছাড়পত্র ও অনুমোদন দেওয়া হয়েছিল বলে তথ্য মিলেছে। দুর্নীতি প্রতিরোধ আইনে এই মামলার তদন্ত শুরু হলে গ্রেপ্তারি এড়াতে মাদ্রাজ হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন মহেশ। সোমবার হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তার পরেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রথমে তাঁকে সিসিবি-র দফতরে এবং পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই মামলায় গত ১৮ সেপ্টেম্বর মহেশকে টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিসিবি। পুলিশের দাবি, সে দিন তাঁকে মোট ২৯৫টি প্রশ্ন করা হয়েছিল। যদিও মহেশ নিজে দাবি করেছিলেন, তাঁকে ২৪৬টি প্রশ্ন করা হয়েছিল এবং সবগুলিরই সদুত্তর তিনি দিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারির আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও দীর্ঘ সময় ধরে জেরা করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
