১ নভেম্বর থেকে দিল্লিতে নিষিদ্ধ পুরনো গাড়ি, দূষণ রুখতে কড়া পদক্ষেপ প্রশাসনের
সংবাদদাতা, নয়াদিল্লি: শীতের সময় ভয়াবহ দূষণে রাশ টানতে কড়া পদক্ষেপ দিল্লি সরকারের। রাজধানীর বাইরে নথিভুক্ত ‘বিএস-৬’ মানদণ্ডের নীচের সমস্ত গাড়ির ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শহরে প্রবেশ নিষদ্ধ করা হল। তবে বৈদ্যুতিক এবং সিএনজি-চালিত গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানানো হয়। কিন্তু নিষেধাজ্ঞার ফলে গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজ়িয়াবাদের ১০ লক্ষেরও বেশি গাড়ি ভয়াবহ সমস্যার মুখোমুখি হতে চলেছে বলে ধারনা করছে পরিবহণ দপ্তর। বিশেষ করে ফলে মারাত্মক সমস্যায় পড়বেন কাজের সূত্রে প্রতিবেশী শহরগুলি থেকে যাঁরা গাড়ি নিয়ে দিল্লিতে যাতায়াত করেন।
এই নিষেধাজ্ঞাকে কঠোরভাবে পালন করার নির্দেশ জারি করেছে প্রশাসন। দিল্লির সমস্ত প্রবেশপথে নাকা চেকিং ও নজরদারি জোরদার করা হয়েছে। ‘অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন’ (এএনপিআর) ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে সীমান্তের চেকপোস্ট এবং গুরুত্বপূর্ণ লেনগুলিতে। এআই-চালিত এই ক্যামেরাগুলি গাড়ির রেজিস্ট্রেশন প্লেট স্ক্যান করে সেটির দূষণের মান নির্ণয় করবে। এছাড়াও রাখা হচ্ছে ব্যারিকেডের ব্যবস্থা। এর ফলে নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদ থেকে আসা বিএস-৬ এর নীচের কোনও গাড়ি দিল্লিতে ঢুকতে গেলেই বাধা পাবে। গোটা প্রক্রিয়া তদারকির জন্য পরিবহণ দপ্তরের এনফোর্সমেন্ট দলের প্রায় ৩০০ কর্মী বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গাড়ি থেকে বেরনো ধোঁয়ার ফলে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে আইনি সীমা নির্ধারণ করে দেয় ‘ভারত স্টেজ’ বা বিএস মানদণ্ড। বর্তমানে দেশে চারচাকা গাড়ির দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক ও কঠোরতম মানদণ্ড হল ‘বিএস-৬’।
