বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

ঘনিষ্ঠ হওয়ার শাস্তি, প্রেমিক-সহ তিনজনকে বন্দুক দেখিয়ে রাস্তায় বিবস্ত্র প্রেমিকার পরিবারের

26 October, 2026 4:00 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: প্রেমের সম্পর্ককে পাশবিক ঘটনা। এক যুবক, তাঁর বাবা ও বন্ধুকে মারধর করে বিবস্ত্র অবস্থায় এলাকায় ঘোরানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বেহালার সরশুনায়। অভিযোগ, বন্দুক দেখিয়ে বাবাকে নিজের ছেলেকে গুলি করার জন্য চাপ দেওয়া হয়। গ্য়াসে ছুরি গরম করে চালানোর চাপও দেওয়া হয়। রবিবারের এই ঘটনার পর বসুন্ধরা পার্ক এলাকায় উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ও যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে আপত্তি ছিল যুবতীর পরিবারের। লক্ষ্মীপুজোর সন্ধ্য়ায় বসুন্ধরা পার্ক এলাকায় ওই যুবক তাঁর প্রেমিকার বাড়িতে দেখা করতে আসেন। সেখানেই তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন যুবতীর মামা ও পরিবারের অন্য সদস্যরা। অভিযোগ, এর পরই যুবক ও তাঁর বন্ধুকে আটকে রেখে মারধর শুরু করেন যুবতীর বাবা ও মামা।

অভিযোগ, এর পরই ফোন করে ডেকে পাঠানো হয় যুবকের বাবাকে। তিনি সেখানে পৌঁছতেই শুরু হয় অত্যাচার। যুবক, তাঁর বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয়। শুধু তা-ই নয়, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি যুবকের বাবাকে চাপ দেওয়া হয়, তিনি যেন নিজের ছেলেকে গুলি করে মারেন। ধর্ষণের কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। কী হয়েছে জানতে চাইলে যুবকের পরিবার ও তাঁর বন্ধু গোটা ঘটনা খুলে বলেন। এর পরই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

যুবক ও তাঁর পরিবারের সঙ্গে এমন আচরণের খবর ছড়াতেই যুবতীর বাড়ির সামনে জড়ো হন স্থানীয়দের একাংশ। অভিযোগ, বাড়িতে ভাঙচুরের চেষ্টাও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় সরশুনা থানায়। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই যুবতীর বাবা-সহ পরিবারের কয়েক জন সদস্য সেখান থেকে পালিয়ে যান। এলাকাবাসী অবশ্য তাঁদের সহজে ছেড়ে দিতে চাননি। যুবতীর মামাকে ধরে মারধর করার পর তাঁরা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এতে এলাকায় উত্তেজনা আরও বাড়ে। সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবকের বাবা এবং পুলিশকে সমস্ত ঘটনা জানান। সেই অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, যুবতীর পরিবারের সঙ্গে আগে তৃণমূলের এক কাউন্সিলরের ঘনিষ্ঠতা ছিল, আর সেই প্রভাবেই পরিবারের সদস্যরা এমন আচরণ করার সাহস পেয়েছেন।  অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়দের একাংশ। অন্য দিকে, এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন যুবকের বাবা।  প্রেমের সম্পর্কে আপত্তি থাকলেও কাউকে মারধর করা, ভয় দেখানো বা রাস্তায় বিবস্ত্র করে ঘোরানো যায় কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

ট্যাগ: BEHALA CASE SARSUNA
প্রতিবেদন

UTSAB RC