মালদহের নালাগোলা রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২, আহত ১

হাসপাতালের সামনে উদ্বিগ্ন আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের ভিড়।
সংবাদদাতা, মালদহ: লক্ষ্মীপুজোর মধ্যরাতে মালদহের নালাগোলা রাজ্য সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। রবিবার রাত প্রায় বারোটা নাগাদ হবিবপুর থানার কেন্দপুকুর হাইস্কুল সংলগ্ন মোড়ে একটি বাইক ও পোলট্রি মুরগি বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হবিবপুর থানার সিংড়া এলাকা থেকে একটি বাইকে চেপে তিন যুবক লক্ষ্মীপুজোর মেলা দেখতে ৯ মাইলের দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা পাকুয়াগামী একটি মুরগি বোঝাই মিনি ট্রাকের সঙ্গে তাঁদের বাইকটির সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই রহিম বর্মন নামের এক যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি দু’জনকে বুলবুলচণ্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুজয় বর্মনকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার সকালে পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত বাইক ও মিনি ট্রাকটিকে আটক করে। আকস্মিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।
