‘ফৌজি’তে নেতাজিকে অপমান! নির্মাতাদের ক্ষমা চাইতে হবে, দাবি চন্দ্রকুমার বসুর

বসুধা রায়
শুটিংপর্বের শুরু থেকেই আলোচনায় রয়েছে প্রভাসের ‘ফৌজি’। এই ছবিকে ঘিরে বারে বারেই সামনে এসেছে নানা তর্ক-বিতর্ক-সমালোচনা। এবার এই ছবি নিয়ে আপত্তি তুললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসু। অভিযোগ, ছবিটির চিত্রনাট্যের একাধিক অংশে নেতাজিকে অপমান করা হয়েছে। তাঁর আপত্তির কেন্দ্রে রয়েছে নাৎসি সর্বাধিনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে সুভাষচন্দ্র বসুর সাক্ষাতের দৃশ্যটি। অভিযোগ, এই অংশে ঐতিহাসিক তথ্য বিকৃতি করে দেখানো হয়েছে। ফলে সুভাষচন্দ্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ছবিতে। এই কারণে ছবির নির্মাতাদের ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন চন্দ্রকুমার।
বিতর্কের শুরু ২৩ অক্টোবর। দিনটি ছিল অভিনেতা প্রভাসের জন্মদিন। এই দিনেই ওয়ার-অ্যাকশন ড্রামা ‘ফৌজি’র টিজার প্রকাশ্যে আনা হয়। এরপরই নেট দুনিয়াজুড়ে এই ছবি ঘিরে শুরু হয় সমালোচনা। চাপানোতর চলতে থাকে রাজনৈতিক মহলেও । ক্ষোভ জানান চন্দ্রকুমার বসুও। বলেন, ‘জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে কাজ করার সময় তথ্য বিকৃত করা এবং কাল্পনিক গল্প বলাকে আমি অপরাধ বলেই মনে করি।’ অভিযোগ তোলেন, ছবিটিতে হিটলারের সঙ্গে নেতাজির কথোপকথন নিয়ে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে। যা স্বাধীনতা সংগ্রামী সুভাষ চন্দ্র বসুর মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তিনি বলেন, পরিচালকের উচিত ভারতের জনগণ এবং দেশের স্বাধীনতা সংগ্রামকে যাঁরা সম্মান করেন, তাঁদের সকলের কাছে ক্ষমা চাওয়া।
