দানবীয় শক্তি নিয়ে ধেয়ে আসছে অর্ণব, চার রাজ্যে জারি সতর্কতা

সংবাদদাতা, নয়াদিল্লি: সোমবার সকালেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে অর্ণব। দুর্ধর্ষ গতি নিয়ে ধেয়ে আসছে সে। চার রাজ্যে জারি সতর্কতা। মৌসম ভবন জানিয়েছে, সোমবার রাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্ণব। এখনও পর্যন্ত যা গতিপথ, তাতে মনে করা হচ্ছে বুধবারের আগেই অন্ধ্রপ্রদেশের উপকূলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে সে। এই কারণে অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তেলঙ্গানা, ছত্তিশগড় ও পুদুচেরিতে সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন।
জানা গেছে, গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগিয়েছে অর্ণব। সোমবার এর অবস্থান ছিল গোপালপুর থেকে ৫৮০ কিমি দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬১০ কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে ও কাঁকিনাড়া থেকে ৬৯০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে। আজ রাতেই বহুগুণশক্তি বাড়িয়ে সে রূপ নেবে প্রবল ঘূর্ণিঝড়ের।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিকেলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১৫-১২৫ কিমি। ২৮ অক্টোবর, বুধবার সকালে ওই একই গতিবেগ নিয়ে উপকূলের কাছকাছি গিয়ে পৌঁছবে। সেদিন দুপুরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল পার করবে। ল্যান্ডফলের পরে ২৯ অক্টোবর দুর্বল হয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে।
এর ফলে আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হবে সমুদ্র। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে। এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ , সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
