রণক্ষেত্র বিচারপতির এজলাস, নজিরবিহীন ঘটনা এলাহাবাদ হাইকোর্টে

লখনউ: নজিরবিহীন ঘটনা যোগীরাজ্যে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অজয় ভানোটের এজলাসে চলল লাগাতার স্লোগান, বিক্ষোভ, এমনকী চেয়ার টেবিল ছোড়াছুড়িও। বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পরে আদালতের কাজে বিঘ্ন ঘটানো এবং আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ শুরু করেছে হাইকোর্ট। জানা গেছে, মঙ্গলবার বিচারপতির বিরুদ্ধে এক আইনজীবীকে অপমান করার অভিযোগ ওঠে। সেইসঙ্গে ওই প্রবীণ আইনজীবীকে নিয়ে বিদ্রূপ করার অভিযোগও তুলেছিল এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। এরপরই বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, মঙ্গলবার বিচারপতি অজয় ভানোটের এজলাসে আইনজীবীদের জন্য নির্দিষ্ট করা চেয়ারে বসেছিলেন এক পুলিশ সুপার। সেই বিষয়ে আপত্তি তোলেন এক আইনজীবী। এরপরই অতিরিক্ত সরকারি আইনজীবী ওই আইনজীবীকে ভর্ৎসনা করেন এবং বিচারপতির কাছে অভিযোগ জানানোর কথা জানান।
বার অ্যাসোসিয়েশনের দাবি, এরপরই এর পরে বিচারপতি অজয় ভানোট ওই আইনজীবীকে জেলে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগ, এরপরই প্রবীণ ওই আইনজীবী বিচারকের কাছে ক্ষমা চান। কিন্তু বিচারক তাঁকে পুলিশ সুপারের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। এই ঘটনাকে আইনজীবীদের মর্যাদার পক্ষে অপমানজনক বলে উল্লেখ করে বিষয়টিতে প্রধান বিচারপতি অরুণ বনশালির হস্তক্ষেপ দাবি করেছে বার অ্যাসোসিয়েশন।
বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল এই ঘটনার তদন্তের ভার নিয়েছেন। বিক্ষোভকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে। প্রয়োজনে বিষয়টি উত্তরপ্রদেশ বার কাউন্সিলের কাছেও পাঠানো হতে পারে।
