‘দেসু 7’ সম্পর্কে দু–চার কথা (যা বুঝলাম)

শান্তনু চক্রবর্তী
এই ছবির নাম ‘দেসু 7’ কেন তাই নিয়ে ভয়ানক গবেষণা চলছে। শোনা যাচ্ছে, ইসরো এমনকী নাসার বাঙালি বিজ্ঞানীরাও নাকি ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, আর ঘেমে নেয়ে অস্থির হচ্ছেন। মাঝে মধ্যেই মাথা চুলকে বলছেন, ব্যাপারটা রকেট সায়েন্সের চেয়েও গোলমেলে। অনেকে বলছেন ‘দেসু’ মানে আসলে দেব–শুভশ্রী। আর ‘7’ মানে নিশ্চয়ই দুজনের ৭ নম্বর ছবি। কেউ কেউ আবেগে আত্মহারা হয়ে গিয়ে বলছেন, এ এক ঐতিহাসিক ঘটনা। সেই কবে একবার হলিউডে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির জুড়ি ছবিতে ‘ব্র্যাঞ্জেলিনা’র জন্ম হয়েছিল। তারপর এই ‘দেসু’। টালিগঞ্জে কমেডি অভিনেতাদের নাম দিয়ে ছবি হয়েছে— ‘ভানু গোয়েন্দা জহর এ্যাসিস্ট্যান্ট’ বা ‘ভানু পেলো লটারী’। কিন্তু নায়ক–নায়িকার নামের আদ্যক্ষর দিয়ে সিনেমার নাম এই এক পিসই হয়েছে। উত্তম–সুচিত্রা ‘অগ্নিপরীক্ষা’ ছবির পোস্টারে নাম সই করে ‘আমাদের সত্যি প্রণয়ের সাক্ষী’ লিখে নিজের নিজের দাম্পত্য সম্পর্কে ক্যাচাল বাঁধিয়েছিলেন সত্যি! কিন্তু তাঁরাও ‘উসু’ নামে কোনও সিনেমা বানাতে পারেননি। নিজের প্রযোজনা–পরিচালনায় (!) ‘দেসু’ বানিয়ে দেব দেখিয়ে দিলেন। উত্তম কুমারের জন্মশতবর্ষে দেব অধিকারীই যে মহানায়কের আসলি উত্তরাধিকারী সেটাও প্রমাণ করে দিলেন।
আজকাল সমাজমাধ্যমে অনেক রিলসের মাঝখানে ঢুকে একটা কণ্ঠস্বর যেমন বলে ওঠে, ‘রুকো জারা...’, সেভাবেই দেব–ভক্তদের ভক্তি উচ্ছ্বাসে ব্যাঘাত ঘটিয়ে আমিও বলতে চাই, রোসো ভাই, একটু সবুর করো! ‘দেসু’র আসল মানে বুঝতে গেলে সিনেমার ক্লাইম্যাক্স অবধি দেখতে হবে। সেই যেখানে ২ নম্বর ভিলেনের ডেরায় দেবের সঙ্গে হেব্বি ক্যালাকেলি চলছে, আর ১ নম্বর ভিলেন দেবের পুরনো প্রেমিকা শুভশ্রী ওরফে শুভস্মিতাকে চুলের মুঠি ধরে সেখানে নিয়ে এসেছে— সেকেন্ড রাউন্ড ঝাড়পিঠ হবো হবো করছে, তখনই তো জানা গেল ‘দেসু’–র আসল মানেটা কী! ভাবছেন মানেটা বলে দেবো? সেটা হচ্ছে না। আমি গাঁটের কড়ি দিয়ে টিকিট কেটে, প্রায় পৌনে তিন ঘণ্টা হলে বসে, অন্তত শ’খানেক লাশ, বেশ কয়েক কেজি রক্তরাঙা টম্যাটো কেচাপ বা মধু মেশানো ডেক্সোরেঞ্জ সিরাপ মাড়িয়ে যে সত্য জেনেছি, সেটা ফোকটে জেনে নেবেন তা তো হয় না! হলে যান। দেবের ননস্টপ অ্যাকশন, অনির্বাণ ভট্টাচার্যের জোড়া ভিলেনি, শুভশ্রীর খানিকটা অভিনয়ের চেষ্টা দেখুন। আর পরিচালক দেব এই ছবিটা কোনও বিশেষ একটা দক্ষিণী সিনেমা থেকে পুরো কপি পেস্ট করেছেন নাকি ফিউশন বানিয়েছেন, সেটা ধরতে পারলে দ্য অ্যাঙ্কর বেঙ্গলের সম্পাদকীয় দপ্তরে একটু জানিয়ে যান প্লিজ।
