সমাজমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্ট ও অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার অভিযোগ সিজেপি নেতা অভিজিৎ দীপকের

সংবাদদাতা, দিল্লি: সমাজমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্ট ও অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ‘ককরোচ জনতা পার্টির’ নেতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কা দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার প্রতিদিন হাজার হাজার সমালোচনামূলক পোস্ট ও লক্ষাধিক ভিডিও সরিয়ে দিচ্ছে এবং অ্যাকাউন্ট উড়িয়ে দিচ্ছে। তাঁদের বক্তব্য, সমাজমাধ্যমে প্রশ্ন বা কণ্ঠরোধ করে মানুষের ক্ষোভ বা প্রশ্ন থামানো যাবে না, বরং এর ফলে সরকারের প্রতি অবিশ্বাস আরও বাড়বে। রাজনৈতিক কর্মীদের পাশাপাশি এই একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বেশ কয়েকজন শিল্পী, কৌতুকশিল্পী ও স্বাধীন সংবাদমাধ্যমও। কৌতুকশিল্পী বরুণ গ্রোভারের অভিযোগ, সরকারের ২০৪৭ সালের বিকশিত ভারত গড়ার প্রতিশ্রুতি নিয়ে তৈরি তাঁর একটি কবিতার প্যারোডি ভার্সন ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামের তরফে তাঁকে জানানো হয়, ভারতের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে আইনি নির্দেশ মেনে এই বিষয়বস্তু সীমাবদ্ধ করা হয়েছে। ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম দেশভক্ত এবং আইনি সংবাদমাধ্যম ‘লাইভ ল’-এর পোস্টও একই কারণে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া ‘ককরোচ জনতা পার্টি’ ইনস্টাগ্রামকে কেন্দ্র করেই মূলত সামনে এসেছে। এর আগে নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভেও সক্রিয় ছিল তারা। তবে পোস্ট বা অ্যাকাউন্ট সরানোর পিছনে নির্দিষ্ট কোনও আইনি নির্দেশ রয়েছে বা ঠিক কতগুলি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও সরকারি পরিসংখ্যান বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
