হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে গিয়ে নিজেই আক্রান্ত পঞ্চায়েত প্রধান!

সংবাদদাতা, হাওড়া: ডেঙ্গু প্রতিরোধে নেতৃত্ব দিতে গিয়েই ডেঙ্গুতে আক্রান্ত হলেন হাওড়ার বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম। বর্তমানে তিনি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়া, নিউ মণ্ডলপাড়া এবং উত্তরপাড়া এলাকায় একাধিক ডেঙ্গু আক্রান্তের হদিশ মেলে। পরিস্থিতি মোকাবিলায় কোমর বেঁধে আসরে নামে প্রশাসন। জঞ্জাল সাফাই ও সচেতনতামূলক অভিযানে প্রথম থেকেই সামনের সারিতে ছিলেন প্রধান মনিরুল ইসলাম। আর মানুষকে পরিষেবা দিতে গিয়েই তিনিও এই মশাবাহিত রোগে আক্রান্ত হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় নর্দমাগুলিতে আবর্জনা জমে জল দাঁড়িয়ে থাকার ফলেই সেখানে মশার বিস্তার হয়েছে। এর থেকেই ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ এলাকায় পাঠানো হয়েছে বিশেষ ভেক্টর কন্ট্রোল টিম। চলছে মশা মারার তেল স্প্রে করার কাজ। পাশাপাশি, জেলা ও রাজ্য প্রশাসনের যৌথ উদ্যোগে সাফাইকর্মী মোতায়েন করে যুদ্ধকালীন তৎপরতায় জঞ্জাল সাফাই শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলেও, খোদ পঞ্চায়েত প্রধানের ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কাটছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে লাগাতার নজরদারি চালাচ্ছে প্রশাসন।
