বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

এপস্টিন বিতর্কের মধ্যেই হরদীপ সিং পুরীকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি

28 October, 2026 7:08 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়ে তাঁকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি। বুধবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নরেন্দ্র মোদি মন্ত্রিসভার একমাত্র শিখ মুখ ৭৪ বছর বয়সি এই বর্ষীয়ান নেতা এর আগে উত্তরপ্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তবে সম্প্রতি উত্তরপ্রদেশের জন্য ঘোষিত বিজেপি প্রার্থীদের তালিকায় হরদীপ সিং পুরীর নাম না থাকায় দলের অভ্যন্তরে জোর চর্চা শুরু হয়। অবশেষে মধ্যপ্রদেশের ফাঁকা আসনটির জন্য তাঁর ওপরই আস্থা রাখল দলীয় নেতৃত্ব।

প্রসঙ্গত, যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর যোগাযোগ ছিল বলে অভিযোগ প্রকাশ্যে আসে আগেই। সম্প্রতি আবার এপস্টিন এবং পুরীর বেশ কিছু ছবি ভাইরাল হওয়ার পরে সেই নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। এই বিতর্কের আবহেই তাঁকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি।

পুরী অবশ্য নিজে দাবি করেছিলেন, তিনি আন্তর্জাতিক পিস ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল কমিশন অফ মাল্টিল্যাটারালিজমের প্রতিনিধিদলের সদস্য হিসেবে এপস্টিনের সঙ্গে কয়েক বার দেখা করেছিলেন। কিন্তু পুরীর যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে এপস্টিনের সঙ্গে একাই দেখা যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে। যদিও এই নিয়ে হরদীপের দাবি, ছবিটি প্রায় দশ বছর আগে তোলা। এপস্টিন সংক্রান্ত নথিতে যে সময়কালের কথা হয়েছে, সেই সময়ে কোনও সরকারি পদে ছিলেন না।

হরদীপ পুরী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে ২০১৮ সাল থেকে মোদি সরকারের শীর্ষ মন্ত্রী পদের দায়িত্ব সামলাচ্ছেন। প্রথমে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব, পরে অসামরিক বিমান পরিবহণ এবং ২০২১ সাল থেকে দেশের গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব সামলে আসছেন তিনি। মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী মনোনীত হওয়ায় মোদি ক্যাবিনেটে তাঁর অবস্থান আরও শক্ত হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

প্রতিবেদন

Sandipan Saha