বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

সুপ্রিম–দাওয়াইয়ের ফল: ক্যানসারের ওষুধের দাম কমাল এনপিপিএ

28 October, 2026 7:10 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি:‌ ক্যানসারের চিকিৎসায় অতি আবশ্যক ১৩৭ গোত্রের ৫৪৩টি ওষুধের দাম ৯০ শতাংশ পর্যন্ত কমার কথা জানিয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।’ এ সম্পর্কে একটি তালিকাও প্রকাশ করা হয়েছে এনপিপিএ–র তরফে। জানানো হয়েছে ৯ নভেম্বর থেকে সংশোধিত দাম কার্যকর হবে।
গত ২২ সেপ্টেম্বরের ঘটনা। ক্যানসারের ওষুধ এমআরপি–র দামে বিক্রি করা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ তীব্র ভর্ৎসনা করে ক্যানসারের ওষুধের দাম নিয়ে। শুনানি চলাকালীন বিচারপতি মেহতা জানান, ক্যানসারের মত রোগের ওষুধের দাম নিয়ে যেভাবে ছেলেখেলা করা হচ্ছে, তাকে দিনে ডাকাতি বলা যেতে পারে। বিচারপতি জানান, উৎপাদনকারী সংস্থা খুচরো বিক্রেতাকে একটি ওষুধ ২,৭০০ টাকায় বিক্রি করছে। কিন্তু সেই ওষুধটিরই সর্বাধিক বিক্রয় মূল্য বা এমআরপি লেখা রয়েছে ২৭ হাজার টাকা! তিনি বলেন, যাঁদের এ বিষয়ে পদক্ষেপ করা দরকার এ ক্ষেত্রে তাঁরা চুপ করে আছেন। যা দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে শীর্ষ আদালতের তোপ ছিল কেন্দ্র সরকারের দিকে। সেই সঙ্গে ক্ষোভ উগরে দেওয়া হয় এনপিপিএ–র বিরুদ্ধেও।
এরপরই নড়েচড় বসে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। ১৩৭টি নন-শিডিউলড ক্যানসারের ওষুধে লাভের সীমা ৩০ শতাংশ বেঁধে দেওয়ার কথা ঘোষণা করা হয়। তারপরই প্রকাশ করা হল এনপিপিএ–র তালিকা। দেখা গেছে, দাম কমেছে প্রায় ৯৩.৩ শতাংশ ওষুধের। এক্ষেত্রে স্তন ক্যানসার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ‘পালবোব্রো’ ব্র্যান্ডের ১২৫ মিলিগ্রামের প্যাকের দাম আগে ছিল ৪০ হাজার ৪২১ টাকা। সেটি কমে হচ্ছে ২ হাজার ৭২০ টাকা। একই ওষুধের ১০০ মিলিগ্রামের প্যাকের ক্ষেত্রে ‘আইসোজেন’–এর দাম কমেছে ৯১.৬ শতাংশ। স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত অ্যানাস্ট্রোজল ‘ওয়োমাজলে’র দামও ৪৫৮ টাকা ৮৫ পয়সা থেকে কমে ৩৯ টাকা ৫২ পয়সা হয়েছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এনপিপিএ। তবে এও জানানো হয়েছে, প্রয়োজনে এই তালিকার কিছু অংশ সংশোধনও করা হতে পারে।

প্রতিবেদন

Lopa Bhowmik