কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৩ শতাংশ, চলতি বছরের জুলাই থেকে মিলবে এই সুবিধা

সংবাদদাতা, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই হারে বাড়ছে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর। নতুন হার কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ জুলাই থেকেই বর্ধিত মহার্ঘভাতার সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। পেনশনভোগীদের ক্ষেত্রেও ওই দিন থেকে বর্ধিত ডিআর প্রযোজ্য হবে।
প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হয়। মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ভাতা বৃদ্ধির অঙ্ক নির্ধারণ করা হয়ে থাকে। এই দফায় তিন শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার কথা ছিল। সেই ঘোষণাই বুধবার করল কেন্দ্রীয় সরকার।
তিন শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ হল ৬৩ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন হল ১৮,০০০ টাকা। ৬০% ডিএ বাবদ বেতনের সঙ্গে যুক্ত হয় ১০,৮০০ টাকা। মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে ৬৩ শতাংশ হলে বর্ধিত বেতন হবে ১১,৩৪০ টাকা। অর্থাৎ প্রতি মাসে ৫৪০ টাকা বাড়তি মিলবে। এই হিসেবে যাদের মূল বেতন এখন ২৫ হাজার টাকা, তিন শতাংশ ডিএ পেলে তাদের বেতনের সঙ্গে যুক্ত হবে আরও ৭৫০ টাকা। ডিএ বৃদ্ধি হওয়ার ফলে পেনশনের অঙ্কও বেড়ে যাবে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রত্যাশা ছিল অক্টোবর মাসের গোড়ায় বর্ধিত ডিএ ঘোষণা করা হবে। কিন্তু মাস শেষ হওয়ার মুখে অনেকের সংশয় হচ্ছিল যে আদৌ ডিএ বৃদ্ধি হবে কিনা। চলতি মাসে কেন্দ্রীয় সরকার এবং রেল কর্মীদের জন্য পৃথকভাবে উৎসবের মরশুমে বোনাস ঘোষণা করা হয়। তারপর থেকেই বিভিন্ন মহলের আভাস দেওয়া হয়েছিল এক দু’দিনের মধ্যেই বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা দেরিতে হলেও বুধবার সকলের সব রকমের প্রশ্নের উত্তর দিল মোদি সরকার।
