বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার ইন্দ্রনীল সেন

28 October, 2026 6:01 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির মামলায় নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর। সেই মামলাতেই বুধবার গ্রেপ্তার হলেন তিনি। এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি তলবে হাজিরা দিতে গিয়েছিলেন ইন্দ্রনীল। সেই সময়ে দেখা গিয়েছিল সিজিও কমপ্লেক্সের ভিতরে ও বাইরে থিকথিক করছে পুলিশ। ছিলেন লালবাজারের শীর্ষ পুলিশ আধিকারিকরা। এই দৃশ্য দেখেই অনেকে আন্দাজ করেছিলেন যে, তিনি সম্ভবত গ্রেপ্তার হতে পারেন। জল্পনা মতোই ইডি দপ্তর থেকে বাইরে আসতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রায় চার ঘণ্টা ইডি দপ্তরে ছিলেন ইন্দ্রনীল। সেখান থেকে বেরনোর সময় দেখা যায় পুলিশ তাঁকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যায়।

সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশ তাঁকে দুর্নীতি মামলায় তলব করেছিল। কিন্তু তাতে কোনও সাড়া দেননি তিনি। তবে বুধবার ইডির তলবে সাড়া দিয়ে বেরনোর সময়ই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর দুর্গাপুজোর ঐতিহ্যবাহী ‘প্রিভিউ শো’-র নাম করে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের কাছ থেকে বেআইনিভাবে বিপুল অঙ্কের টাকা আদায়। ইউনেস্কোর নাম অপব্যবহার করে উৎসবের ভিআইপি পাস ও টিকিট চড়া দামে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে ইন্দ্রনীলের বিরুদ্ধে। এই মামলায় আনুষ্ঠানিক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই দাবি করে বলেছিল, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ইউনেস্কোর অনুমোদিত সংস্থা দাবি করে মাস আর্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল টাকা তোলা হয়, যা পরবর্তীতে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে।

অভিযোগ, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নিজেদের ইউনেস্কোর সঙ্গে যুক্ত বা অনুমোদিত সংস্থা হিসেবে প্রচার করে। শহরের ২৪টি বাছাই করা পুজো মণ্ডপে ‘প্রিভিউ শো’ দেখার জন্য ১ হাজার ৭৪৯ টাকা থেকে ৫ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত দামে সাধারণ মানুষের কাছে টিকিট বিক্রি করা হয়।

ইউনেস্কোর লোগো ও নাম ব্যবহার করে ২০২৩ ও ২০২৪ সালেই এক লক্ষেরও বেশি টিকিট বিক্রি করা হয়েছিল। সেই টিকিট বিক্রির টাকা নগদে তুলে কিংবা নানাবিধ ভুয়ো খরচ দেখিয়ে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। এমনকী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে পুলিশের কাছে খবর আছে বলে জানা যাচ্ছে। এই সমস্ত বিষয়ে তদন্ত করতেই তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশির পর তাঁকে সিজিও কমপ্লেক্সে দু’বার তলব করা হয়েছিল। প্রত্যেকবারই ১০ ঘণ্টারও বেশি সময় জেরা করা হয় তাঁকে। তারপর কলকাতা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আর্জি করেছিলেন ইন্দ্রনীল সেন। তবে সেই আবেদন খারিজ হয়। গ্রেপ্তারির আশঙ্কা জোরালো হতে সুপ্রিম কোর্টেও যান তৃণমূল মন্ত্রিসভার প্রাক্তন সদস্য। সেখানেও রক্ষাকবচ পাননি তিনি। বুধবার সেই আশঙ্কাই সত্যি হল। পুজো দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী।

প্রতিবেদন

Sandipan Saha