ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব এড়িয়ে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সংবাদদাতা, কলকাতা: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুরকর্মী ও পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তলব করা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে নির্ধারিত সময়ে তিনি থানায় হাজিরা দেননি। পরিবর্তে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে শেক্সপিয়র সরণি থানায় ইমেল মারফত আবেদন জানিয়েছেন তিনি।
রবিবার বিকেলে শেক্সপিয়র সরণি থানার পক্ষ থেকে অভিষেকের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে গিয়ে সরাসরি নোটিশ পৌঁছে দেওয়া হয়। সোমবার সকাল ১০টার মধ্যে তাঁকে থানায় হাজির হয়ে নিজের বক্তব্য রাখার নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু সোমবার সেই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় থানায় উপস্থিত হননি।
পুলিশ সূত্রে খবর, নির্ধারিত সময়ে উপস্থিত না হয়ে অভিষেক ইমেলের মাধ্যমে তদন্তকারীদের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন। ব্যক্তিগত বা রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি এই মুহূর্তে হাজিরা দিতে পারছেন না বলেই ইমেলে জানানো হয়েছে।
ক্যামাক স্ট্রিটের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। এই তলবকে এবং পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই জানিয়েছেন মমতাপন্থী তৃণমূল কর্মীরা।
