বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

হাওড়ায় কদমতলা বাজারে ওষুধের দোকানে অগ্নিকাণ্ড

12 October, 2026 3:40 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, হাওড়া: সোমবার ভোরে হাওড়ার ব্যাঁটরা থানার কদমতলা বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ব্যাঁটরা কো-অপারেটিভ ব্যাঙ্কের নীচে থাকা একটি ওষুধের দোকান থেকে হঠাৎই কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা দোকানের মালিক ও থানায় খবর দেন। পুলিশ তৎক্ষণাৎ হাওড়া দমকল বিভাগে খবর পাঠায়।
পুলিশ ও দোকানের মালিক ঘটনাস্থলে পৌঁছে দেখেন, দোকানের ভেতরে থাকা একটি রেফ্রিজারেটর দাউ দাউ করে জ্বলছে। ওষুধের দোকানে প্রচুর দাহ্য পদার্থ ও জীবনদায়ী ওষুধ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা প্রাথমিক ভাবে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হলেও এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কদমতলার মতো একটি ব্যস্ত ও জনবহুল বাজার এলাকায় অগ্নিপ্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা না থাকায় এই বিপত্তি। বাজারে থাকা অধিকাংশ দোকানের মালিক বা ব্যবসায়ীদের কাছে আগুন নেভানোর জন্য কোনও প্রাথমিক সরঞ্জাম ছিল না।
বারবার বিভিন্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কেন প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পর কদমতলা বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয় সচেতন নাগরিকরা অবিলম্বে সমস্ত দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, দমকল বিভাগের পক্ষ থেকেও প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিয়মিত অগ্নি নিরাপত্তা প্রোটোকল যাচাই করার জোরালো দাবি উঠেছে।

প্রতিবেদন

Lopa Bhowmik